মুসলিম উত্তরাধিকার আইন নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, ‘অভিন্ন দেওয়ানি বিধিই হতে পারে সমাধান’

মুসলিম মহিলাদের সম্পত্তির সমানাধিকার নিশ্চিত করতে ১৯৩৭ সালের শরিয়ত আইনের বৈষম্যমূলক ধারা বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। বিচারপতি সূর্য কান্তর নেতৃত্বাধীন বেঞ্চে শুনানির সময় আদালত জানায়, মুসলিম মহিলাদের উত্তরাধিকার নিয়ে আইনি জটিলতা কাটাতে ‘অভিন্ন দেওয়ানি বিধি’ বা ইউসিসি একটি কার্যকর সমাধান হতে পারে। মামলাকারীদের পক্ষে আইনজীবী প্রশান্ত ভূষণ বৈষম্য দূর করার জোরালো সওয়াল করেন।
শীর্ষ আদালত পর্যবেক্ষণ করেছে যে, শরিয়ত আইন সরাসরি বাতিল করলে একটি আইনি শূন্যতা তৈরি হতে পারে, যা মহিলাদের অধিকারকে আরও সংকুচিত করার ঝুঁকি রাখে। বিচারপতি জয়মাল্য বাগচী জানান, সংবিধানে বর্ণিত নির্দেশমূলক নীতি অনুযায়ী এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রাথমিক এক্তিয়ার আইনসভার। আদালত উল্লেখ করে যে, ‘এক পুরুষের এক স্ত্রী’ নীতি বা উত্তরাধিকারের সমতা সব সম্প্রদায়ের জন্য সমানভাবে কার্যকর করতে আইনি সংস্কার প্রয়োজন।
আইনি লড়াইয়ের এই পর্যায়ে সরাসরি হস্তক্ষেপ না করে আদালত বিষয়টি আইনসভার বিবেচনার ওপর ছেড়ে দিয়েছে। শরিয়ত আইন বাতিল হলে ‘ভারতীয় উত্তরাধিকার আইন’ প্রযোজ্য হবে কি না, তা নিয়ে বিতর্ক চললেও আদালত বৃহত্তর আইনি কাঠামোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে। দেশের সর্বোচ্চ আদালতের এই বার্তার পর অভিন্ন দেওয়ানি বিধি প্রণয়নে কেন্দ্রীয় সরকার কী পদক্ষেপ গ্রহণ করে, এখন সেটাই দেখার।