হাওড়ায় বাসের ধাক্কায় প্রাণ হারালেন কারখানাকর্মী, প্রতিবাদে রণক্ষেত্র রানিহাটি রোড

হাওড়া জেলায় মঙ্গলবার দু’টি পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের। এদিন সকালে আমতা-রানিহাটি রাস্তার লালগেট এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাইক আরোহী এক যুবককে পিষে দেয়। মৃত যুবকের নাম কিংশুক ভুঁইয়া (২২)। তিনি আমতা ইন্ডাস্ট্রিয়াল পার্কের একটি কারখানায় কাজ করতেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই রণক্ষেত্রের চেহারা নেয় লালগেট এলাকা। উত্তেজিত স্থানীয় বাসিন্দারা বাসটি ভাঙচুর করেন এবং রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় চন্দ্রপুর ফাঁড়ি ও জগৎবল্লভপুর থানার পুলিশ।
মৃত কিংশুক ভুঁইয়ার বাড়ি রাজাপুর থানার সত্যপীরতলা এলাকায়। স্থানীয়দের অভিযোগ, এই রাস্তায় কোনো গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকায় বেপরোয়াভাবে গাড়ি চলাচল করে। বারবার প্রশাসনকে জানিয়েও কাজ হয়নি বলে দাবি করেন গ্রামবাসী। পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে এবং মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
অন্যদিকে, হাওড়ার মুন্সিরহাটের নরেন্দ্রপুরে ভোরে অপর একটি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে জামিমা ইয়াসমিন নামের এক মহিলার। একটি ঘাতক ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে মোটরভ্যান ও দু’টি বাইককে ধাক্কা মারলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় স্বামী ও সন্তানসহ মোট পাঁচজন জখম হয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘাতক ট্যাঙ্কারটি আটক করা সম্ভব হলেও চালক এখনও পলাতক। ঘটনার তদন্ত শুরু হয়েছে।