মেয়েকে অপহরণ ও খুনের হুমকি! তৃণমূল প্রধানের ভাইপোর বিরুদ্ধে থানায় দলীয় নেত্রীই

মেয়েকে অপহরণ ও খুনের হুমকি! তৃণমূল প্রধানের ভাইপোর বিরুদ্ধে থানায় দলীয় নেত্রীই

দলীয় কোন্দল নাকি ব্যক্তিগত শত্রুতা? বনগাঁর গোপালনগর ২ নম্বর ব্লকে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ভাইপোর বিরুদ্ধে খুনের হুমকি ও শ্লীলতাহানির গুরুতর অভিযোগ তুললেন দলেরই ব্লক সহ-সভানেত্রী কবিতা সরকার। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

তৃণমূল নেত্রী কবিতা সরকারের অভিযোগ, চৌবেড়িয়া ১ নম্বর পঞ্চায়েতের প্রধান তপন হাজরার ভাইপো রকি হাজরা গত ১০ বছর ধরে তাঁকে উত্যক্ত করছে। অভিযোগ, গত ৮ মার্চ গভীর রাতে তাঁর ঘরে জানালার কাচ ভেঙে টর্চের আলো ফেলা হয় এবং ছবি তোলার চেষ্টা করা হয়। বাধা দিতে গেলে অভিযুক্তরা বাইক নিয়ে চম্পট দেয়। কবিতা দেবীর দাবি, রকি হাজরা ইতিপূর্বে তাঁকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণে মারার এবং তাঁর মেয়েকে অপহরণের হুমকি দিয়েছে।

কবিতা সরকার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দলে সক্রিয় পদ পাওয়ার পর থেকেই তাঁর ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। নিজের দলের একাংশের বিরুদ্ধেই মদত দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি। দলীয় স্তরে সুরাহা না মেলায় অবশেষে পুলিশের দ্বারস্থ হয়েছেন এই নেত্রী।

অন্যদিকে, সব অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান তপন হাজরা। তাঁর দাবি, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং এর পেছনে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই। এই ঘটনা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিধায়ক স্বপন মজুমদার বলেন, তৃণমূলের অন্তর্কলহ এখন প্রকাশ্যে চলে এসেছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *