এসআইআর আতঙ্কে প্রাণ হারালেন মন্দিরবাজারের প্রৌঢ়, ভোটার তালিকায় নাম ঘিরে জেলায় জেলায় তুমুল বিক্ষোভ

এসআইআর আতঙ্কে প্রাণ হারালেন মন্দিরবাজারের প্রৌঢ়, ভোটার তালিকায় নাম ঘিরে জেলায় জেলায় তুমুল বিক্ষোভ

রাজ্যজুড়ে এসআইআর (SIR) বা ভোটার তালিকা যাচাই প্রক্রিয়াকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া আতঙ্ক এবার প্রাণ কাড়ল দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারের এক বাসিন্দার। মৃত দাইয়ান গাজি (৫৫) মন্দিরবাজারের চাঁদপুর-চৈতন্যপুর পঞ্চায়েতের গণ্ডারবেড়িয়ার বাসিন্দা ছিলেন। পরিবারের দাবি, চূড়ান্ত ভোটার তালিকায় তাঁর স্ত্রী মুখরোজান বিবি এবং পুত্রবধূ তসলিমা বিবির নাম ‘বিচারাধীন’ থাকায় গভীর মানসিক উদ্বেগের মধ্যে ছিলেন তিনি। সোমবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে মৃত ব্যক্তির পরিবারের সঙ্গে দেখা করেন বিধায়ক জয়দেব হালদার। মৃতের আত্মীয়দের অভিযোগ, ভোটার তালিকায় নাম বাদ যাওয়া বা বিচারাধীন থাকা নিয়ে দুশ্চিন্তাই এই মৃত্যুর মূল কারণ, যার দায় সম্পূর্ণ নির্বাচন কমিশনের।

অন্যদিকে, এসআইআর-এর জেরে বিভিন্ন জেলায় বিএলও-দের ওপর ক্ষোভ আছড়ে পড়ছে। কাকদ্বীপের পশ্চিম গোবিন্দপুরের এক বিএলও তথা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মণীন্দ্রনাথ দাসের বাড়িতে সোমবার রাতে দুষ্কৃতী হামলার ঘটনা ঘটেছে। তাঁর বুথের ১৬৩ জন ভোটারের নাম তালিকা থেকে বাদ যাওয়া এবং ২৭ জনের নাম বিচারাধীন থাকায় তাঁকে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। ইটবৃষ্টিতে তাঁর বাড়ির দরজার কাচ ভেঙে যায়। এই ঘটনায় শিক্ষক ও তাঁর পরিবার চরম আতঙ্কের মধ্যে রয়েছেন এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বসিরহাটেও গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করে সিপিএম। বাম নেতা অজয় বাইন এই পরিস্থিতির জন্য কেন্দ্রের বিজেপি সরকারকে দায়ী করে আন্দোলনের ডাক দেন। একই চিত্র দেখা গেছে গোবরডাঙার বেড়গুম ১ পঞ্চায়েত এলাকায়। বৈধ নথি জমা দেওয়ার পরেও কেন ভোটারদের নাম বিচারাধীন তালিকায় রাখা হলো, সেই প্রশ্ন তুলে নকপুল মোড় অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই অবরোধের জেরে বনগাঁ-বসিরহাট এবং হাবড়া-মছলন্দপুর রুটে যান চলাচল ব্যাহত হয়। জেলাশাসকের হস্তক্ষেপ দাবি করেছেন সাধারণ মানুষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *