দেড় কোটি টাকার হাসপাতাল বিল! স্ত্রীকে চার বছর না ফেরানোয় স্বামীর ওপর ক্ষুব্ধ হাইকোর্ট

কলকাতার বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে দীর্ঘ সাড়ে চার বছর ধরে চিকিৎসাধীন এক মহিলার বিল ১.৫ কোটি টাকা ছাড়িয়েছে। অভিযোগ, দীর্ঘ সময় অতিবাহিত হলেও দুর্ঘটনায় আহত স্ত্রীকে বাড়ি ফিরিয়ে নেওয়ার কোনো উদ্যোগ নেননি তাঁর স্বামী। বকেয়া বিল ও রোগীর আবাসন সংক্রান্ত জটিলতা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলে বিষয়টি প্রকাশ্যে আসে।
মঙ্গলবার মামলার শুনানিতে বিচারপতি কৃষ্ণ রাও স্বামীর দায়িত্বজ্ঞানহীন ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করেন। বর্তমানে ওই মহিলা হুইলচেয়ারের সাহায্যে চলাফেরা করতে পারলেও বাকশক্তি হারিয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, রোগী বর্তমানে স্থিতিশীল এবং তাঁকে অন্যত্র স্থানান্তর করা সম্ভব। স্বামী কেন এতদিন তাঁকে বাড়িতে ফেরাননি, তা নিয়ে আদালতে প্রশ্ন তোলেন বিচারপতি।
আদালতের নির্দেশে কলকাতা মেডিক্যাল কলেজের একজন সিনিয়র চিকিৎসক ওই মহিলার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করবেন। আগামী দুই সপ্তাহের মধ্যে এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি হাসপাতালে স্থানান্তর বা পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী ৩০ মার্চ মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।