ভারতে পরকীয়া ডেটিং অ্যাপের জয়জয়কার, ৪০ লক্ষ ছাড়াল ব্যবহারকারীর সংখ্যা

ডিজিটাল যুগে ভারতীয়দের সম্পর্কের ধরনে এক অভূতপূর্ব পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বিশ্বের প্রথম এক্সট্রা-ম্যারিটাল ডেটিং প্ল্যাটফর্ম ‘গ্লিডেন’-এর সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ভারতে বর্তমানে এই অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ৪০ লক্ষ অতিক্রম করেছে। বিবাহিত বা দীর্ঘমেয়াদি সম্পর্কে থাকা ব্যক্তিদের জন্য তৈরি এই প্ল্যাটফর্মে ৬৫ শতাংশ পুরুষ এবং ৩৫ শতাংশ মহিলার উপস্থিতি আধুনিক সম্পর্কের জটিল ও পরিবর্তনশীল মানসিকতারই ইঙ্গিত দিচ্ছে।
সংস্থার পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, ব্যবহারকারীরা গড়ে প্রতিদিন এক থেকে দেড় ঘণ্টা এই অ্যাপে অতিবাহিত করেন। বিশেষ করে দুপুর ১২টা থেকে ৩টে এবং রাত ১০টার পর সক্রিয়তা সবথেকে বেশি থাকে। মহিলারা সাধারণত ৩০ থেকে ৪০ বছর বয়সি এবং আর্থিকভাবে স্থিতিশীল পেশাজীবী পুরুষদের প্রতি অধিক আগ্রহ দেখাচ্ছেন। বিশেষজ্ঞদের মতে, পেশাগত সাফল্য ও ব্যক্তিগত স্বাধীনতার আকাঙ্ক্ষা এই ধরনের ডিজিটাল প্ল্যাটফর্মের জনপ্রিয়তা বাড়াতে সহায়ক ভূমিকা পালন করছে।
ভারতের শহরগুলোর মধ্যে এই তালিকায় ১৮ শতাংশ ব্যবহারকারী নিয়ে শীর্ষে রয়েছে আইটি নগরী বেঙ্গালুরু। এর পরেই ১৭ শতাংশ নিয়ে হায়দরাবাদ এবং ১১ শতাংশ নিয়ে দিল্লি অবস্থান করছে। তবে এই প্রবণতা এখন আর কেবল মেট্রো শহরগুলোতে সীমাবদ্ধ নেই; লখনউ, পাটনা এবং গুয়াহাটির মতো দ্বিতীয় সারির শহরগুলোতেও দ্রুত বাড়ছে পরকীয়া ডেটিং অ্যাপের ব্যবহার। বিয়েকে পবিত্র বন্ধন মানা এই দেশে ডিজিটাল প্ল্যাটফর্মের এমন উত্থান সমাজতাত্ত্বিক বিচারে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।