সহযাত্রী সেজে লুটপাট হাওড়া স্টেশনে ইউপিআই জালিয়াতির অভিনব ফাঁদে সর্বস্ব খোয়ালেন দুই জওয়ান

সহযাত্রী সেজে লুটপাট হাওড়া স্টেশনে ইউপিআই জালিয়াতির অভিনব ফাঁদে সর্বস্ব খোয়ালেন দুই জওয়ান

হাওড়া স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রীদের লক্ষ্য করে সক্রিয় হয়ে উঠেছে এক অভিনব জালিয়াত চক্র। প্ল্যাটফর্মে সহযাত্রী সেজে আলাপ জমিয়ে কৌশলে যাত্রীদের মোবাইল ফোন ও ইউপিআই পিন হাতিয়ে নিয়ে ব্যাংক অ্যাকাউন্ট সাফ করে দিচ্ছে দুষ্কৃতীরা। সম্প্রতি এই চক্রের খপ্পরে পড়ে বিপুল টাকা খুইয়েছেন এক সিআইএসএফ জওয়ান এবং এক আরপিএফ কনস্টেবল। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে রেল পুলিশ হাওড়া স্টেশন থেকে এই চক্রের দুই পাণ্ডাকে গ্রেপ্তার করেছে।

তদন্তে জানা গেছে, গত ১১ ফেব্রুয়ারি মণিপুরে কর্মরত সিআইএসএফ জওয়ান অতুল কুমার চম্বল এক্সপ্রেস ধরার জন্য হাওড়া স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন। সেই সময় দুই যুবক তাঁর সঙ্গে আলাপ জমায় এবং নিজেদের সহযাত্রী হিসেবে পরিচয় দেয়। প্ল্যাটফর্মে অপেক্ষারত অবস্থায় ওই জওয়ান যখন মোবাইল ফোনে ইউপিআই অ্যাপের মাধ্যমে আর্থিক লেনদেন করছিলেন, তখন দুষ্কৃতীরা আড়াল থেকে তাঁর পিন বা প্যাটার্ন দেখে নেয়। এরপর ট্রেন আসার সময় ভিড়ের সুযোগে সাহায্য করার নাম করে জওয়ানের ব্যাগ থেকে মোবাইলটি সরিয়ে নেয় তারা। পরে ওই জওয়ান জানতে পারেন যে তাঁর অ্যাকাউন্ট থেকে ১ লক্ষ ৯২ হাজার টাকা উধাও হয়ে গেছে। একইভাবে আরপিএফের এক কনস্টেবলের অ্যাকাউন্ট থেকেও ৪৮ হাজার টাকা হাতিয়ে নেয় এই চক্রটি।

রেল পুলিশ স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত দুই যুবককে শনাক্ত করে এবং ফাঁদ পেতে তাদের গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা তাদের এই বিশেষ কৌশলের কথা স্বীকার করেছে। জিআরপি আধিকারিকরা জানিয়েছেন, এই চক্রটি আর কতজনের সঙ্গে এমন প্রতারণা করেছে, তা খতিয়ে দেখতে ধৃতদের ব্যাংক লেনদেন পরীক্ষা করা হচ্ছে। স্টেশনে অপরিচিত ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানো এবং মোবাইল ব্যবহারের ক্ষেত্রে যাত্রীদের আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *