শেষমেশ মিলল কেন্দ্রের সবুজ সংকেত মেয়াদ বাড়ল জল জীবন মিশনের ভোটের মুখে বাংলার ঝুলিতে জোড়া রেল প্রকল্প

নয়াদিল্লি ও কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে জল জীবন মিশন প্রকল্পের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। ২০২৪ সালের এপ্রিলে এই প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর দীর্ঘ ১৩ মাস কাটলে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা এই মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত বাড়ানোর আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে। এর ফলে থমকে থাকা জল প্রকল্পের কাজে গতি আসবে বলে আশা করা হচ্ছে। ২০১৯-২০ সালে এই প্রকল্পের প্রথম পর্যায়ের বরাদ্দ ২ লক্ষ কোটি টাকা থেকে বাড়িয়ে এবার প্রায় সাড়ে ৩ লক্ষ কোটি টাকা করা হয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, দেশের গ্রামীণ এলাকার ১৯ কোটি ৩৬ লক্ষ বাড়ির মধ্যে বর্তমানে ১৫ কোটি ৮০ লক্ষ বাড়িতে নলবাহিত জল পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। এখনও প্রায় ১৮ শতাংশ কাজ বাকি রয়েছে। তবে কেন্দ্রীয় বরাদ্দের টাকা আটকে থাকায় পশ্চিমবঙ্গ সরকার নিজস্ব তহবিল থেকে প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা অতিরিক্ত খরচ করেছে। প্রকল্পের মেয়াদ বাড়ায় এবার বকেয়া টাকা মেটানো হবে কি না, সেদিকেই তাকিয়ে রয়েছে নবান্ন।
অন্যদিকে, বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বাংলার জন্য দুটি গুরুত্বপূর্ণ নতুন রেল প্রকল্পের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সাঁইথিয়া-পাকুড় এবং সাঁতরাগাছি-খড়্গপুর রুটে চতুর্থ রেললাইন তৈরির এই প্রকল্পে প্রায় ৪ হাজার ৪৭৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ২০৩০-৩১ সালের মধ্যে এই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। রেলের দাবি, এই প্রকল্পের ফলে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের পাঁচটি জেলার প্রায় দেড় কোটি মানুষ উপকৃত হবেন। বিশেষ করে বোলপুর-শান্তিনিকেতন, তারাপীঠ ও সংলগ্ন পর্যটন কেন্দ্রগুলোর রেল যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। তবে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, ভোটের মুখে এই ঘোষণা কি স্রেফ নির্বাচনী চমক নাকি সত্যিই বাংলার দীর্ঘদিনের বকেয়া ও বঞ্চনার অবসান ঘটবে।