সল্টলেক থেকে এবার সরাসরি ভিআইপি রোড, নতুন বেইলি ব্রিজে মিটল দীর্ঘদিনের যানজট সমস্যা

সল্টলেক ও ভিআইপি রোডের সংযোগকারী যাতায়াত ব্যবস্থায় এল বড়সড় বদল। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গোলাঘাটায় কেষ্টপুর খালের ওপর চালু হলো দ্বিতীয় বেইলি ব্রিজ। এই নতুন ব্রিজটি চালু হওয়ার ফলে এখন থেকে সল্টলেক এবং ভিআইপি রোডের মধ্যে উভয়মুখী যান চলাচল সম্ভব হচ্ছে, যা স্থানীয় বাসিন্দা ও নিত্যযাত্রীদের জন্য এক বড় স্বস্তি বয়ে এনেছে।
এতদিন ভিআইপি রোড থেকে সল্টলেকে ঢোকার জন্য একটি মাত্র বেইলি ব্রিজ ছিল, যা ছিল ওয়ান ওয়ে। ফলে শুধুমাত্র সল্টলেকে ঢোকা যেত, কিন্তু বেরোনোর কোনো সরাসরি পথ ছিল না। নতুন এই ব্রিজটি সল্টলেক এএ ব্লকের খালপাড়ের সঙ্গে ভিআইপি রোডের গোলাঘাটাকে সংযুক্ত করেছে। এর ফলে সল্টলেক থেকে গাড়িগুলি সরাসরি ভিআইপি রোডে উঠতে পারছে এবং একইভাবে ভিআইপি রোডের গাড়িও সল্টলেকে প্রবেশ করতে পারছে।
বিধাননগর ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ব্রিজটি চালু হওয়ায় সল্টলেকের অভ্যন্তরীণ রাস্তা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে গাড়ির চাপ অনেকটাই কমেছে। আগে অফিস টাইমে সল্টলেকের ৪ নম্বর ট্যাঙ্ক এবং পিএনবি মোড়ে যে তীব্র যানজটের সৃষ্টি হতো, নতুন বিকল্প পথ তৈরি হওয়ায় সেই সমস্যা এখন অনেকটাই নিয়ন্ত্রিত। গোলাঘাটার কাছে ট্রাফিক সিগনাল ক্রসিং থাকায় গাড়িগুলি সহজেই এয়ারপোর্ট কিংবা উল্টোডাঙার দিকে যাতায়াত করতে পারছে।
বিধাননগরের ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মিত কুমার জানান, নতুন বেইলি ব্রিজটি উভয়মুখী যান চলাচলের জন্য খুলে দেওয়ায় নাগরিকরা বিশেষভাবে উপকৃত হচ্ছেন। এর ফলে ট্রাফিক ব্যবস্থা আরও মসৃণ হয়েছে এবং চালকদের আর অনেকটা পথ ঘুরে ১ নম্বর গেট দিয়ে প্রবেশ করতে হচ্ছে না। সরাসরি সংযোগ স্থাপনের এই উদ্যোগে খুশি সল্টলেকের আবাসিক থেকে শুরু করে অফিসযাত্রীরাও।