সিলিন্ডারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার ফের কলকাতার রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায়

সিলিন্ডারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার ফের কলকাতার রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায়

রাজ্যের মানুষের ভোটাধিকার রক্ষায় টানা পাঁচ দিন ধরনা কর্মসূচি পালনের পর এবার রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে নামছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবার কলকাতায় এক বিশাল প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন তিনি। মূলত রান্নার গ্যাসের দাম একধাক্কায় ৬০ টাকা বৃদ্ধি এবং সরবরাহে অনিশ্চয়তা তৈরি হওয়ার প্রতিবাদেই তাঁর এই কর্মসূচি।

ধর্মতলায় পাঁচ দিনের ধরনা কর্মসূচি প্রত্যাহার করার পরপরই নতুন এই আন্দোলনের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেছেন, গত ১২ বছরে রান্নার গ্যাসের দাম ৪০০ টাকা থেকে বেড়ে ১০০০ টাকায় পৌঁছেছে, যা সাধারণ মানুষের রান্নাঘরে ব্যাপক প্রভাব ফেলেছে। বড় সিলিন্ডারের দামও আকাশছোঁয়া হয়ে ২১০০ টাকায় দাঁড়িয়েছে। এই পরিস্থিতির জন্য সরাসরি মোদী সরকারকে দায়ী করে মমতা প্রশ্ন তুলেছেন, বর্তমান যুদ্ধ পরিস্থিতি ও সম্ভাব্য সংকটের কথা বিবেচনা করে কেন্দ্র কেন আগে থেকে ব্যবস্থা নেয়নি।

তৃণমূল সূত্রে জানা গেছে, সোমবারের এই মিছিলে প্রতীকী গ্যাস সিলিন্ডার, পোস্টার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে সরব হবেন তৃণমূল কর্মীরা। বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার প্রাক্কালে এই আন্দোলন রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দলীয় স্তরে ইতিধ্যেই ৪০ জন রাজ্য মুখপাত্র এবং জেলাভিত্তিক মুখপাত্র নিয়োগ করা হয়েছে, যারা সরকারের উন্নয়ন ও কেন্দ্রের বঞ্চনার কথা সাধারণ মানুষের কাছে তুলে ধরবেন। সোমবারের এই প্রতিবাদ মিছিলের পর আগামী ১৭ তারিখ থেকে উত্তরবঙ্গ সফর দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচার শুরু করতে পারেন বলেও রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *