বাগডোগরা বিমানবন্দর সংলগ্ন রাস্তায় চিতাবাঘের হানা আতঙ্কে দিশেহারা প্রাতঃভ্রমণকারীরা

সাতসকালে বাগডোগরা বিমানবন্দর সংলগ্ন চা বাগানের রাস্তায় আচমকাই চিতাবাঘ বেরিয়ে আসায় তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মঙ্গলবার ভোর ৬টা নাগাদ প্রাতঃভ্রমণে বেরিয়ে রাস্তার ধারে চিতাবাঘটিকে ছোটাছুটি করতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। প্রাণভয়ে পথচারীরা ছোটাছুটি শুরু করে দেন। বিমানবন্দরের পাশের চা বাগানগুলোতে এর আগে চিতাবাঘের দেখা মিললেও, এবার সরাসরি ফুটপাতে বাঘের উপস্থিতিতে রীতিমতো হাড়হিম করা পরিস্থিতি তৈরি হয়।
প্রত্যক্ষদর্শী বিশ্বজিৎ দাস জানান, ভোরে প্রায় ৩০ জন প্রতিবেশী মিলে রাস্তার ফুটপাতে হাঁটছিলেন। হঠাৎই চোখের সামনে চিতাবাঘটিকে দেখতে পান তারা। ভয়ে সকলে নিরাপদ দূরত্বে সরে গেলেও কয়েকজন সাহস করে মোবাইলে ভিডিও ধারণ করেন। চা বাগানের নেটের ঘেরা টপকে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে চিতাবাঘটি বেশ কিছুক্ষণ রাস্তায় দাপিয়ে বেড়ায়। পরে কিছুটা দূরে গিয়ে একটি ফাঁক দিয়ে বাগানে ঢুকে পড়ে সেটি।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বনবিভাগের বাগডোগরা রেঞ্জের কর্মীরা। রেঞ্জার সোনম ভুটিয়া জানান, ওই এলাকায় বেশ কয়েকটি চিতাবাঘের বিচরণ রয়েছে। চা বাগান কর্তৃপক্ষ নেট দিয়ে ঘেরা দেওয়ায় চিতাবাঘটির পারাপার করতে কিছুটা সময় লেগেছিল। বনবিভাগের পক্ষ থেকে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। একইসঙ্গে রাস্তার ধারে পচা মাংস বা উচ্ছিষ্ট না ফেলার জন্য প্রচার চালানো হচ্ছে, যাতে বন্যপ্রাণীরা লোকালয়ের দিকে আকৃষ্ট না হয়।