গ্যাসের আড়াই দিনে ডেলিভারি নিশ্চিত করল কেন্দ্র অযথা আতঙ্কিত হয়ে বুকিং না করার পরামর্শ

গ্যাসের আড়াই দিনে ডেলিভারি নিশ্চিত করল কেন্দ্র অযথা আতঙ্কিত হয়ে বুকিং না করার পরামর্শ

দেশে রান্নার গ্যাসের সংকটের আবহে গ্রাহকদের আশ্বস্ত করে বড় ঘোষণা করল কেন্দ্রীয় পেট্রলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। বুধবার মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে গ্যাস বুকিং করার সর্বোচ্চ আড়াই দিনের মধ্যে সিলিন্ডার ডেলিভারি নিশ্চিত করতে হবে। সরবরাহ ব্যবস্থা স্বচ্ছ রাখতে ডেলিভারি অথেন্টিকেশন কোড বা ওটিপি ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ, রেজিস্টার্ড মোবাইলে আসা ওটিপি ডেলিভারি ম্যানকে জানালেই মিলবে সিলিন্ডার।

কেন্দ্রীয় পেট্রলিয়াম মন্ত্রকের যুগ্মসচিব সুজাতা শর্মা জানিয়েছেন, দ্রুত ডেলিভারি নিশ্চিত হওয়ায় গ্রাহকদের প্যানিক বুকিং বা আতঙ্কে আগাম বুকিং করার প্রয়োজন নেই। এখন থেকে একটি বুকিংয়ের পরবর্তী ২৫ দিন পর ফের বুকিং করা যাবে। বিশেষ নজর দেওয়া হচ্ছে স্কুল, হাসপাতাল ও হোটেল সেক্টরের দিকে, যাতে মিড-ডে মিল বা জরুরি পরিষেবা ব্যাহত না হয়।

বর্তমানে ভারতে দৈনিক ১৮৯ মিলিয়ন মেট্রিক স্ট্যান্ডার্ড কিউবিক এলপিজি ব্যবহৃত হয়, যার একটি বড় অংশ আমদানিনির্ভর। হরমুজ প্রণালীতে ইরান ও আমেরিকার সংঘাতের জেরে আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থা কিছুটা প্রভাবিত হলেও কেন্দ্র অভ্যন্তরীণ উৎপাদন ২৫ শতাংশ বাড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। যুগ্মসচিব আরও জানান, বিশ্ববাজারের তুলনায় ভারতে গ্যাসের দাম এখনও নিয়ন্ত্রণে রয়েছে এবং সরকার ভর্তুকি বজায় রাখছে।

এদিকে, হরমুজ প্রণালীতে উত্তেজনার কারণে ভারতের ২৮টি জাহাজ আটকে পড়েছে, যেখানে ৭৭৮ জন ভারতীয় কর্মী রয়েছেন। ওই এলাকায় রেড অ্যালার্ট জারি থাকলেও পেট্রলিয়াম মন্ত্রকের দাবি, ভারতের ৭০ শতাংশ অপরিশোধিত তেল হরমুজ প্রণালীর বাইরে থেকে আসে। ফলে তেলের বড় কোনো সংকটের আশঙ্কা নেই, তবে দাম বাড়বে কি না সে বিষয়ে মন্ত্রক এখনই স্পষ্ট কিছু জানায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *