রান্নার গ্যাসের সংকটে অযোধ্যায় শ্রীরাম রসোই বন্ধ, অমিল হনুমানগড়ির লাড্ডুও

রান্নার গ্যাসের সংকটে অযোধ্যায় শ্রীরাম রসোই বন্ধ, অমিল হনুমানগড়ির লাড্ডুও

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার রামনগরী অযোধ্যায়। তীব্র রান্নার গ্যাস সংকটের জেরে সাময়িকভাবে বন্ধ হয়ে গেল অযোধ্যার বিখ্যাত ‘শ্রীরাম রসোই’। এলপিজি সিলিন্ডারের জোগান না থাকায় প্রতিদিন প্রায় ১০ হাজার ভক্তের বিনামূল্যে প্রসাদ পাওয়ার পরিষেবা ব্যাহত হয়েছে। একই পরিস্থিতির মুখে পড়েছে হনুমানগড়ির বিখ্যাত লাড্ডু উৎপাদনও।

অযোধ্যার রামমন্দিরের নিকটবর্তী আমাওয়া মন্দির কর্তৃপক্ষ ‘শ্রীরাম রসোই’ পরিচালনার দায়িত্বে রয়েছে। রান্নার গ্যাসের অভাবে সেখানে পরিষেবা বন্ধের নোটিস ঝোলানো হয়েছে। নোটিসে জানানো হয়েছে, ইরান, আমেরিকা ও ইজরায়েল যুদ্ধের প্রভাবে দেশজুড়ে এলপিজি সিলিন্ডারের সংকট তৈরি হয়েছে, যার ফলে আপাতত রসুইয়ের কাজ স্থগিত রাখা হয়েছে। আমাওয়া মন্দিরের ম্যানেজার পঙ্কজ কুমার জানান, পরিস্থিতি সামাল দিতে বিকল্প হিসেবে রাইস কুকার, ইলেকট্রিক কুকার এমনকি কাঠ ও কয়লা ব্যবহারের কথা ভাবা হচ্ছে। গ্যাসের জোগান স্বাভাবিক হলেই পুনরায় পরিষেবা চালু করা হবে।

গ্যাস সংকটের প্রভাব পড়েছে হনুমানগড়ির প্রসাদী লাড্ডুর বাজারেও। স্থানীয় প্রায় ১৫০টি দোকানে প্রতিদিন বিপুল পরিমাণ লাড্ডু তৈরি হলেও বর্তমানে জ্বালানি অভাবে উৎপাদন কার্যত থমকে গিয়েছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, নতুন করে লাড্ডু তৈরি করা সম্ভব হচ্ছে না, তাই পুরনো স্টক দিয়েই আপাতত চাহিদা মেটানো হচ্ছে। দ্রুত সমস্যার সমাধান না হলে অযোধ্যার তীর্থযাত্রীদের পরিষেবা আরও বিঘ্নিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *