অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই পেলেই শুক্রবার জমা পড়ছে মুখ্য নির্বাচন কমিশনারকে সরানোর আবেদন

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট বা পদচ্যুতির প্রক্রিয়া শুরু করতে একজোট হচ্ছে বিরোধী শিবির। এই পদক্ষেপে মূল উদ্যোক্তার ভূমিকা পালন করছে তৃণমূল কংগ্রেস। লোকসভার স্পিকার ওম বিড়লা এবং রাজ্যসভার চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণাণের কাছে এই সংক্রান্ত আবেদনপত্র জমা দেওয়ার প্রস্তুতি চূড়ান্ত।
নিয়ম অনুযায়ী, লোকসভায় ন্যূনতম ১০০ এবং রাজ্যসভায় ৫০ জন সাংসদের স্বাক্ষর প্রয়োজন হলেও বিরোধীরা ইতিমধ্যেই তার চেয়ে অনেক বেশি সই সংগ্রহ করেছে। লোকসভায় ১৩০ জন এবং রাজ্যসভায় ৬০ জন সাংসদ এই আবেদনে সই করেছেন বলে জানা গিয়েছে। তৃণমূলের পক্ষ থেকে লোকসভায় শতাব্দী রায় এবং রাজ্যসভায় নাদিমুল হক এই সই সংগ্রহের কাজ পরিচালনা করছেন। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্তমানে কলকাতায় থাকলেও তাঁর সই সংগ্রহের জন্য চিঠির প্রতিলিপি সেখানে পাঠানো হয়েছে। শুক্রবার সংসদের উভয় কক্ষে এই আবেদন পেশ করা হবে।
কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল, গৌরব গগৈ, পি চিদম্বরম এবং অভিষেক মনু সিংভি এই আবেদনে স্বাক্ষর করলেও প্রথা মেনে বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়্গে এতে সই করছেন না। অন্যদিকে, বিজেপি-বিরোধী লড়াইয়ে থাকলেও বিজেডি বা ওয়াইএসআরসিপি-র মতো দলগুলোর কাছে এই বিষয়ে সমর্থন চাওয়া হয়নি।
একই দিনে রান্নার গ্যাসের লাগামহীন মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেছেন প্রিয়াঙ্কা গান্ধী। সংসদ চত্বরে দাঁড়িয়ে তিনি অভিযোগ করেন, সরকারের ভুল নীতির কারণেই সাধারণ মানুষের ওপর বাড়তি খরচের বোঝা চাপছে। পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতি এবং জ্বালানি সংকট নিয়ে বিরোধীরা সংসদে আলোচনা চাইলেও সরকার তাতে কর্ণপাত করছে না বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।