আইপিএল ২০২৬: প্রথম ২০ ম্যাচের সূচি প্রকাশ, ২৮ মার্চ শুরু হচ্ছে টুর্নামেন্ট

টি-২০ বিশ্বকাপের রেশ কাটতে না কাটতেই বেজে গেল আইপিএল ২০২৬-এর দামামা। বুধবার টুর্নামেন্টের প্রথম ২০টি ম্যাচের সূচি প্রকাশিত হয়েছে। আগামী ২৮ মার্চ বেঙ্গালুরু বনাম হায়দরাবাদ ম্যাচ দিয়ে পর্দা উঠবে এই কোটিপতি লিগের। তবে পশ্চিমবঙ্গসহ একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন থাকায় আপাতত পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেনি বিসিসিআই। ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর বাকি ম্যাচের তালিকা জানানো হবে।
কলকাতা নাইট রাইডার্স তাদের অভিযান শুরু করছে ২৯ মার্চ মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে। ইডেন গার্ডেন্সে নাইটদের প্রথম ম্যাচ ২ এপ্রিল, প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। সূচি অনুযায়ী, প্রতিটি দল প্রাথমিকভাবে চারটি করে ম্যাচ খেলবে। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে বেঙ্গালুরুর ঘরের মাঠে উদ্বোধনী ম্যাচ হওয়ার কথা থাকলেও, ভেন্যু নিয়ে কর্নাটক সরকারের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে বোর্ড।
ঘোষিত সূচি অনুযায়ী, ১২ এপ্রিল পর্যন্ত ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ বেশ কিছু লড়াই, যেমন ৫ এপ্রিল বেঙ্গালুরু বনাম চেন্নাই এবং ১২ এপ্রিল মুম্বই বনাম বেঙ্গালুরু। নির্বাচনের কারণে গুয়াহাটি ও বিশাখাপত্তনমের মতো বিকল্প ভেন্যুগুলোকেও প্রাথমিক তালিকায় রাখা হয়েছে। ক্রিকেটপ্রেমীরা এখন পূর্ণাঙ্গ সূচির অপেক্ষায় প্রহর গুনছেন।