দেশে ক্যানসারের ভয়াবহ বিস্তার, প্রতি বছর আক্রান্ত বাড়ছে ২৮ হাজার, সংসদে জানাল কেন্দ্র

দেশে ক্যানসারের ভয়াবহ বিস্তার, প্রতি বছর আক্রান্ত বাড়ছে ২৮ হাজার, সংসদে জানাল কেন্দ্র

ভারতে উদ্বেগজনক হারে বাড়ছে ক্যানসারের প্রকোপ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২০২১ সাল থেকে দেশে প্রতি বছর গড়ে প্রায় ২৮ হাজার নতুন ক্যানসার রোগী শনাক্ত হচ্ছেন এবং বার্ষিক মৃত্যুর সংখ্যা বাড়ছে প্রায় ১৫ হাজার করে। রাজ্যসভায় পেশ করা আইসিএমআর-এর রিপোর্ট বলছে, ২০২৫ সাল নাগাদ আক্রান্তের সংখ্যা ১৫.৭ লক্ষ এবং মৃতের সংখ্যা ৮.৬৮ লক্ষ ছাড়িয়ে যেতে পারে। বিশেষ করে উত্তরপ্রদেশ, বিহার ও মহারাষ্ট্রে এই মারণব্যাধির দাপট সবচেয়ে বেশি।

বিশেষজ্ঞদের মতে, তামাকের ব্যবহার, বায়ুদূষণ, অস্বাস্থ্যকর জীবনযাপন এবং দেরিতে রোগ নির্ণয় এই পরিস্থিতির মূল কারণ। বর্তমানে প্রায় ৬০-৭০ শতাংশ রোগীর ক্ষেত্রেই একেবারে শেষ পর্যায়ে ক্যানসার ধরা পড়ছে, যা চিকিৎসকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই ক্রমবর্ধমান স্বাস্থ্যসংকট মোকাবিলায় সরকার ১৯টি স্টেট ক্যানসার ইনস্টিটিউট এবং ২০টি টারশিয়ারি ক্যানসার সেন্টারের অনুমোদন দিয়েছে। পাশাপাশি টাটা মেমোরিয়াল সেন্টার ও বিভিন্ন এইমস হাসপাতালে আধুনিক চিকিৎসা ব্যবস্থা সম্প্রসারণের কাজ চলছে।

পরিকাঠামো উন্নয়নে ২০২৫-২৬ বাজেটে দেশের জেলা হাসপাতালগুলিতে ডে-কেয়ার ক্যানসার সেন্টার তৈরির ঘোষণা করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে ২৯৭টি কেন্দ্রে কেমোথেরাপি পরিষেবা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে যাতে বড় হাসপাতালের ওপর চাপ কমে। তবে কেবল চিকিৎসা নয়, স্তন ও জরায়ুমুখের ক্যানসার স্ক্রিনিং এবং তামাকবিরোধী প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিই এই লড়াইয়ে দীর্ঘমেয়াদী সমাধান বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *