হুরমুজ প্রণালীতে পণ্যবাহী জাহাজে ভয়াবহ হামলা, প্রাণ হারালেন দুই ভারতীয় নাবিক

হুরমুজ প্রণালীতে পণ্যবাহী জাহাজে ভয়াবহ হামলা, প্রাণ হারালেন দুই ভারতীয় নাবিক

হুরমুজ প্রণালীতে পণ্যবাহী জাহাজে আকস্মিক হামলায় দুই ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে এবং আরও একজন নিখোঁজ রয়েছেন। বুধবার সন্ধ্যায় এক বিবৃতিতে ভারতের বিদেশমন্ত্রক এই তথ্য নিশ্চিত করেছে। থাইল্যান্ডের পতাকাবাহী ‘ময়ুরী নারী’ নামক বাণিজ্যিক জাহাজটি সংযুক্ত আরব আমিরশাহীর খলিফা বন্দর থেকে গুজরাটের কান্দালা বন্দরের দিকে আসার সময় এই হামলার শিকার হয়।

বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, সরকার পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। ওই জাহাজে থাকা ভারতীয়দের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে এবং একজন নিখোঁজ। এছাড়া দুবাইতে আহত এক ভারতীয় নাগরিক চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে ওই অঞ্চলে উত্তপ্ত পরিস্থিতির কারণে মোট পাঁচজন ভারতীয় নাগরিক প্রাণ হারালেন।

প্রাথমিক খবর অনুযায়ী, জাহাজটিতে ২৩ জন নাবিক ছিলেন যাদের মধ্যে কয়েকজনকে ওমান নেভি উদ্ধার করতে সক্ষম হয়েছে। জাহাজটি থেকে কালো ধোঁয়া বের হতে দেখা গেলেও হামলার প্রকৃত কারণ বা কারা এই হামলা চালিয়েছে তা এখনো স্পষ্ট নয়। থাইল্যান্ড রয়্যাল নেভি উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, ইরান ও পশ্চিমী দেশগুলোর মধ্যে চলমান যুদ্ধের জেরে হুরমুজ প্রণালী এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। ইরানের পক্ষ থেকে এই জলপথ দিয়ে তেল সরবরাহ বন্ধের হুঁশিয়ারি দেওয়া হয়েছে এবং পাল্টা ব্যবস্থার কথা জানিয়েছে আমেরিকাও। এই সংঘাতের আবহে মাইন বিস্ফোরণ বা অন্য কোনো সামরিক হামলার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতীয় দূতাবাস ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ বজায় রাখছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *