রাজ্যপাল হিসেবে আজ শপথ নেবেন আর এন রবি, রাজভবনে আয়োজিত বিশেষ অনুষ্ঠান

বাংলার নতুন রাজ্যপাল হিসেবে আজ, বৃহস্পতিবার শপথ গ্রহণ করতে চলেছেন রবীন্দ্র নারায়ণ রবি। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল সকাল সাড়ে ১১টায় রাজভবনে তাঁকে শপথবাক্য পাঠ করাবেন। বুধবার সন্ধ্যায় কলকাতা পৌঁছালে বিমানবন্দরে তাঁকে রাজ্য সরকারের উচ্চপদস্থ প্রতিনিধিরা স্বাগত জানান। এই শপথগ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানসভার অধ্যক্ষ, বিরোধী দলনেতা এবং কলকাতার মেয়রসহ প্রায় ২০০ জন বিশিষ্ট অতিথি আমন্ত্রিত রয়েছেন।
তামিলনাড়ুতে ৫৪ মাসের সফল কার্যকাল শেষ করে বাংলায় আসছেন আর এন রবি। সেখানে রাজভবনকে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা এবং যুবসমাজের উন্নয়নে তাঁর বিশেষ ভূমিকা ছিল। প্রাক্তন রাজ্যপাল সি ভি আনন্দ বোসের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এবং নির্বাচনের আবহে এই পরিবর্তনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি রাজ্যের নতুন সাংবিধানিক প্রধান হিসেবে কাজ শুরু করবেন।
অন্যদিকে, বিদায়ী রাজ্যপাল সি ভি আনন্দ বোস বুধবার দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। যাওয়ার আগে বাংলার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি একটি আবেগঘন খোলা চিঠি লিখেছেন। চিঠিতে তিনি বাংলাকে নিজের দ্বিতীয় বাড়ি হিসেবে উল্লেখ করে রাজ্যবাসীর ভালোবাসা ও সমর্থনের প্রশংসা করেন। রবীন্দ্রনাথ ঠাকুর ও মহাত্মা গান্ধীকে স্মরণ করে তিনি জানান, রাজভবনের দায়িত্ব শেষ হলেও পশ্চিমবঙ্গের সঙ্গে তাঁর আত্মিক সম্পর্ক আজীবন অটুট থাকবে।