রাজভবনে বোস অধ্যায় অতীত: বাংলার নতুন রাজ্যপাল হিসেবে আজ শপথ নিচ্ছেন আর.এন রবি

পশ্চিমবঙ্গের ২২তম রাজ্যপাল হিসেবে আজ, বৃহস্পতিবার বেলা ১১:৩০ মিনিটে শপথ গ্রহণ করতে চলেছেন অভিজ্ঞ প্রাক্তন আইপিএস অফিসার রবীন্দ্র নারায়ণ রবি। বুধবার রাতে সস্ত্রীক কলকাতায় পৌঁছালে তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান রাজ্যের মন্ত্রী সুজিত বসু ও মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নবনিযুক্ত রাজ্যপালকে শপথবাক্য পাঠ করাবেন।
১৯৭৬ ব্যাচের এই আইপিএস আধিকারিক এর আগে নাগাল্যান্ড, মেঘালয় এবং তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন আর.এন রবির নিয়োগের খবর গত ৬ মার্চ রাষ্ট্রপতি ভবন থেকে ঘোষণা করা হয়। তাঁর আগমনে দীর্ঘদিনের ‘বোস অধ্যায়’ সমাপ্ত করে রাজভবনে নতুন এক প্রশাসনিক পর্বের সূচনা হতে চলেছে।
তবে শপথ গ্রহণের আগেই রাজ্যপাল নিয়োগ নিয়ে নবান্ন ও কেন্দ্রের মধ্যে সংঘাতের আবহ তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, এই নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকারের সঙ্গে কোনও আলোচনা করা হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন রাজ্যপালের দায়িত্ব গ্রহণের পর রাজভবন ও নবান্নের সম্পর্ক কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার বিষয়।