রান্নার গ্যাসের তীব্র সংকট: বিকল্প হিসেবে বৈদ্যুতিক ওভেন কিনতে ভিড় বাড়ছে দোকানে

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জেরে দেশজুড়ে রান্নার গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। এলপিজি সিলিন্ডারের সরবরাহ অনিয়মিত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও হোটেল ব্যবসায়ীরা। বহু জায়গায় ২৫ দিনের আগে বুকিং নেওয়া হচ্ছে না, আবার বুকিং করলেও সময়মতো গ্যাস মিলছে না। এই অনিশ্চয়তার জেরে হুগলি থেকে মালদহ—প্রতিটি জেলাতেই ডিস্ট্রিবিউটরদের অফিসের সামনে গ্রাহকদের দীর্ঘ লাইন ও ক্ষোভ লক্ষ্য করা যাচ্ছে।
গ্যাসের এই হাহাকার মেটাতে সাধারণ মানুষ এখন বিকল্প হিসেবে ইলেকট্রিক ওভেন বা ইনডাকশনের ওপর ভরসা রাখছেন। ব্যান্ডেলসহ বিভিন্ন এলাকার দোকানগুলোতে গত কয়েকদিনে কয়েকগুণ বেড়েছে ইনডাকশনের বিক্রি। বিক্রেতারা জানিয়েছেন, যেখানে দিনে গড়ে ৩-৪টি ওভেন বিক্রি হতো, সেখানে এখন সংখ্যাটি ৭০-৮০ ছাড়িয়েছে। গৃহিণীদের মতে, গ্যাস না পাওয়া গেলে রান্না করার জন্য ইলেকট্রিক ওভেনই এখন একমাত্র সাশ্রয়ী ও নিরাপদ ভরসা।
অন্যদিকে, কমার্শিয়াল গ্যাস না মেলায় মালদহসহ বিভিন্ন জেলার হোটেল ও রেস্তোরাঁগুলি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। মজুত গ্যাস দিয়ে আর মাত্র দু-একদিন কাজ চালানো সম্ভব বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে পর্যটন শিল্প ব্যাপক ক্ষতির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একদিকে অগ্নিমূল্য বাজার, তার ওপর জ্বালানি সংকটে সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার জোগাড়।