সরকারি চাকরিতে নিয়োগের নতুন সুযোগ সংখ্যালঘু যুবক যুবতীদের জন্য একদম বিনামূল্যে প্রশিক্ষণের ঘোষণা

রাজ্যের সংখ্যালঘু যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ আরও প্রসস্থ করতে বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। এবার সরকারি ও বেসরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তাঁদের তৈরি করতে বিশেষ দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালু করল রাজ্য সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম। এই প্রকল্পের আওতায় সম্পূর্ণ বিনামূল্যে কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইংরেজি শর্টহ্যান্ড এবং টাইপিং শেখানো হবে।
প্রাথমিক পর্যায়ে রাজ্যের বিভিন্ন জেলা থেকে ২৫০ জন প্রার্থীকে এই বিশেষ প্রশিক্ষণের জন্য বেছে নেওয়া হবে। প্রশিক্ষণের গুণমান বজায় রাখতে প্রতিটি ব্যাচে সর্বোচ্চ ২৫ জন করে শিক্ষার্থী রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা ছাড়াও বিভিন্ন জেলায় এই প্রশিক্ষণ কেন্দ্রগুলি পরিচালিত হবে। ছয় মাসের এই কোর্সে সপ্তাহে তিন দিন তিন ঘণ্টা করে ক্লাস নেওয়া হবে। নিয়মিত পাঠদানের পাশাপাশি প্রার্থীদের অগ্রগতি যাচাই করতে প্রতি মাসে মক টেস্টের আয়োজন করা হবে।
নিগম সূত্রে জানা গেছে, কেবল পুঁথিগত বিদ্যাই নয়, প্রার্থীদের ইন্টারভিউ বা সাক্ষাৎকারের জন্য প্রস্তুত করতে ব্যক্তিত্ব বিকাশ এবং অনুপ্রেরণামূলক কর্মশালারও আয়োজন করা হবে। এই পুরো প্রশিক্ষণ প্রক্রিয়ায় শিক্ষার্থীদের কাছ থেকে কোনও ফি নেওয়া হবে না। প্রশিক্ষণের মান খতিয়ে দেখতে ডব্লিউবিএমডিএফসি-র আধিকারিকরা নিয়মিত কেন্দ্রগুলি পরিদর্শন করবেন। ইতিমিধ্যেই এই কর্মসূচি বাস্তবায়নের জন্য অভিজ্ঞ প্রশিক্ষণ সংস্থাগুলিকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে রাজ্য সরকার।