বিয়ের চাপে অতিষ্ঠ হয়ে মাথা মুড়িয়ে প্রতিবাদ তরুণীর, ভিডিও ভাইরাল

বিয়ের চাপে অতিষ্ঠ হয়ে মাথা মুড়িয়ে প্রতিবাদ তরুণীর, ভিডিও ভাইরাল

পরিবারের পক্ষ থেকে অনবরত বিয়ের চাপের প্রতিবাদে নিজের শখের চুল বিসর্জন দিয়ে মাথা মুড়িয়ে ফেলেছেন এক তরুণী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘কাজলস_মুভ_’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ভিডিওটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ভিডিওতে তরুণী অভিযোগ করেন, বিবাহযোগ্য হওয়া সত্ত্বেও কেন তিনি বিয়ে করছেন না, এই নিয়ে পরিবারের ক্রমাগত মানসিক চাপ ও প্রশ্নবাণে তিনি জর্জরিত হয়ে পড়েছিলেন।

নিজের কেরিয়ার ও পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতে চাওয়া ওই তরুণী জানান, স্বাধীনভাবে বাঁচার তাগিদেই তিনি এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। ভিডিওতে তিনি আক্ষেপের সুরে বলেন, মাথা মুড়িয়ে ফেলার পর সমাজের তির্যক দৃষ্টির সম্মুখীন হতে হচ্ছে তাঁকে, যা কোনো পুরুষের ক্ষেত্রে সচরাচর ঘটে না। দীর্ঘ ও প্রিয় চুল বিসর্জন দেওয়া তাঁর কাছে ছিল এক নীরব ও কঠোর প্রতিবাদ।

সবশেষে অন্য নারীদের উদ্দেশে তিনি বার্তা দেন যে, অন্যের ইচ্ছার চাপে পড়ে যেন কেউ নিজের জীবন নষ্ট না করেন। নিজের স্বপ্ন পূরণ এবং স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার সবার আছে বলে তিনি মনে করিয়ে দেন। ভিডিওটির সত্যতা যাচাই করা সম্ভব না হলেও, পিতৃতান্ত্রিক মানসিকতা ও সামাজিক চাপের বিরুদ্ধে তাঁর এই সাহসী পদক্ষেপ নেটিজেনদের মধ্যে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *