জ্বালানি সংকট নিরসনে বড় সাফল্য, ভারতের জন্য খুলে গেল হরমুজ প্রণালী

জ্বালানি সংকট নিরসনে বড় সাফল্য, ভারতের জন্য খুলে গেল হরমুজ প্রণালী

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় সৃষ্ট তীব্র জ্বালানি সংকট কাটাতে বড়সড় কূটনৈতিক সাফল্য পেল ভারত। কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরঘাচির ফলপ্রসূ বৈঠকের পর, ভারতীয় পতাকাবাহী জাহাজ এবং তেলবাহী ট্যাঙ্কার চলাচলের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান। এই পদক্ষেপের ফলে দেশজুড়ে এলপিজি ও অপরিশোধিত তেলের সরবরাহ স্বাভাবিক হওয়ার পথ প্রশস্ত হলো।

বিশ্বের অন্যতম প্রধান এই সামুদ্রিক চেকপয়েন্টটি বন্ধ থাকায় ভারতে জ্বালানি আমদানিতে বড় ধরনের অচলাবস্থা তৈরি হয়েছিল। পরিস্থিতি মোকাবিলায় ভারত কেবল ইরানের সাথেই নয়, বরং রাশিয়া ও ফ্রান্সের বিদেশমন্ত্রীদের সঙ্গেও লাগাতার কূটনৈতিক আলোচনা চালিয়েছে। শেষ পর্যন্ত ইরানের এই ইতিবাচক সিদ্ধান্তে আন্তর্জাতিক জলপথে ভারতীয় জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি আমদানিকৃত তেলের সরবরাহও নিরবচ্ছিন্ন থাকবে।

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক জ্বালানি পরিবহণের এই গুরুত্বপূর্ণ পথটি খুলে যাওয়ায় ভারতের অভ্যন্তরীণ বাজারে তেল ও গ্যাসের ঘাটতি দ্রুত মিটে যাবে। আমদানির ওপর নির্ভরশীল ভারতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এই শিপিং রুটটি অত্যন্ত জরুরি। ইরানের এই সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষের হেঁশেলে স্বস্তি ফেরার পাশাপাশি দেশের সামগ্রিক অর্থনীতিতে স্থিতিশীলতা আসবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *