দেশজুড়ে রান্নার গ্যাসের তীব্র সংকট ও আকাশছোঁয়া দামের প্রতিবাদে উত্তাল সংসদ ভবন

দেশজুড়ে এলপিজি সিলিন্ডারের হাহাকার আর আকাশছোঁয়া দামের প্রতিবাদে বৃহস্পতিবার সকালে সংসদ ভবনের মকরদ্বারের সামনে বিক্ষোভে ফেটে পড়লেন বিরোধী জোটের সাংসদরা। হাতে প্ল্যাকার্ড নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার ডেপুটি লিডার সাগরিকা ঘোষ, লোকসভা সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়সহ জয়া বচ্চন ও প্রিয়াঙ্কা গান্ধীদের।
বর্তমানে রান্নার গ্যাসের পরিষেবা নিয়ে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। একদিকে অগ্নিমূল্য বাজার, অন্যদিকে সিলিন্ডার বুকিং ও ডেলিভারি নিয়ে চরম ভোগান্তি। বিরোধীদের অভিযোগ, পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ ভারতে এসে পড়ায় জ্বালানি সংকট তৈরি হয়েছে, যা মূলত কেন্দ্রীয় সরকারের কূটনৈতিক ব্যর্থতা। দেশের বিভিন্ন প্রান্তে সার্ভার বিভ্রাটের কারণে যেমন গ্যাস বুকিং করা যাচ্ছে না, তেমনই বুকিং করার পরও দিনের পর দিন সিলিন্ডার হাতে পাচ্ছেন না উপভোক্তারা।
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক দেখানোর চেষ্টা করা হলেও বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। বিশেষ করে গ্যাস বুকিংয়ের সময়সীমা ২১ দিন থেকে বাড়িয়ে ২৫ দিন করার সিদ্ধান্তের পর আমজনতার মধ্যে উদ্বেগ আরও বেড়েছে। বিক্ষোভকারী সাংসদদের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভুল নীতির কারণেই আজ মধ্যবিত্তের হেঁশেল অচল হওয়ার জোগাড়। এই কৃত্রিম সংকটের জন্য সরাসরি কেন্দ্রকেই দায়ী করেছেন বিরোধী জোটের প্রতিনিধিরা।