বাংলার মসনদ দখলে তৎপর বিজেপি, দিল্লিতে ১০০ আসনের প্রার্থী নিয়ে ম্যারাথন বৈঠক

আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রণকৌশল সাজাতে কোমর বেঁধে নামল বিজেপি। মঙ্গলবার দিল্লিতে দলের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাসভবনে আয়োজিত এক উচ্চপর্যায়ের কোর কমিটির বৈঠকে রাজ্যের ১০০-র বেশি আসনের প্রার্থী তালিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রায় সাত ঘণ্টা ধরে চলা এই ম্যারাথন বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্য সভাপতি শামীম ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের মতো শীর্ষ নেতৃত্ব।
দলীয় সূত্রে খবর, প্রাথমিক দফায় ১০০টি আসনের প্রার্থীর নাম প্রায় চূড়ান্ত করা হয়েছে। বৈঠকে প্রার্থী বাছাইয়ের পাশাপাশি ভোটের প্রচারের রোডম্যাপ এবং স্লোগান নিয়েও চুলচেরা বিশ্লেষণ করা হয়। উল্লেখ্য, আজই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে, যেখানে পশ্চিমবঙ্গ ও কেরলের প্রার্থী তালিকা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
রাজ্যে শাসকদল তৃণমূল কংগ্রেসকে কড়া চ্যালেঞ্জ জানাতে এবার সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ছে গেরুয়া শিবির। নির্বাচন কমিশন রাজ্যে সফরের পর যেকোনো মুহূর্তে ভোটের নির্ঘণ্ট প্রকাশ করতে পারে বলে জল্পনা তুঙ্গে। এই পরিস্থিতিতে ২৯৪টি আসনের সবকটিতেই জোটসঙ্গীদের নিয়ে লড়াই করার প্রস্তুতি নিচ্ছে বিজেপি। বাংলার ক্ষমতা দখলকে ‘পাখির চোখ’ করে কেন্দ্রীয় নেতৃত্ব এখন থেকেই ঘর গোছাতে শুরু করেছে।