মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব কলকাতায়, রান্নার গ্যাসের সংকটে ইসকনের প্রসাদ মেনুতে বদল

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব কলকাতায়, রান্নার গ্যাসের সংকটে ইসকনের প্রসাদ মেনুতে বদল

মধ্যপ্রাচ্যে ইরান ও ইজরায়েলের মধ্যকার ক্রমবর্ধমান সংঘাতের সরাসরি প্রভাব পড়ল কলকাতার ইসকন মন্দিরে। যুদ্ধ পরিস্থিতির কারণে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র ঘাটতি দেখা দেওয়ায় ব্যাহত হচ্ছে মন্দিরের ভোগ রান্নার কাজ। পর্যাপ্ত জ্বালানির অভাবে ইতিমধ্যেই রান্নাঘরের একাধিক উনুন বন্ধ রাখতে বাধ্য হয়েছে মন্দির কর্তৃপক্ষ। ফলে কয়েক হাজার ভক্তের নিত্যদিনের প্রসাদ প্রস্তুতি নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা।

জ্বালানি সংকটের জেরে প্রসাদের চিরাচরিত মেনুতেও বড়সড় পরিবর্তন আনা হয়েছে। আগে যেখানে দুপুরে ও রাতে ভাত, ডাল এবং হরেক রকমের সবজি পরিবেশন করা হতো, সেখানে এখন শুধুমাত্র খিচুড়ি রান্না করা হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে মাত্র দুই থেকে তিন দিনের গ্যাস মজুত রয়েছে। দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে প্রসাদ বিতরণের পরিমাণ আরও কমিয়ে দেওয়ার আশঙ্কা করা হচ্ছে।

এই সংকটের প্রভাব কলকাতার বাইরে দীঘার ইসকন মন্দিরেও পড়েছে। সেখানে প্রতিদিন প্রায় তিন হাজার ভক্তের প্রসাদ তৈরি হলেও, বর্তমানে তা কমিয়ে মাত্র ৭৫০ জনের জন্য করা হচ্ছে। ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস জানিয়েছেন, পরিস্থিতির উন্নতি না হলে আগামী দিনে মন্দির পরিচালনা এবং ভক্তসেবা মারাত্মকভাবে বিঘ্নিত হতে পারে। আন্তর্জাতিক অস্থিরতার জেরে এমন স্থানীয় সংকটে চিন্তিত ধর্মপ্রাণ সাধারণ মানুষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *