রাজভবনের অনুষ্ঠানে সৌজন্যের নজির মমতার, বিমান বসুকে আগলে নিলেন মুখ্যমন্ত্রী

রাজভবনের অনুষ্ঠানে সৌজন্যের নজির মমতার, বিমান বসুকে আগলে নিলেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার রাজভবনে নবনিযুক্ত রাজ্যপাল আর এন রবির শপথ গ্রহণ অনুষ্ঠান এক অনন্য রাজনৈতিক সৌজন্যের সাক্ষী থাকল। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ শ্রদ্ধা ও আচরণ ঘিরে এখন রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের উপস্থিতিতে শপথ নেন নতুন রাজ্যপাল। অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠান চলাকালীন মুখ্যমন্ত্রী লক্ষ্য করেন যে বিমান বসু পেছনের সারিতে বসে আছেন। তৎক্ষণাৎ তিনি এগিয়ে গিয়ে প্রবীণ এই বাম নেতার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তাঁকে তৃতীয় সারি থেকে সসম্মানে প্রথম সারিতে নিয়ে আসেন। জানা গেছে, মেয়রের জন্য নির্ধারিত আসনে বিমান বসুকে বসানোর ব্যবস্থা করেন খোদ মুখ্যমন্ত্রী।

সৌজন্যের এই ধারা বজায় ছিল অনুষ্ঠান শেষেও। অনুষ্ঠানস্থল থেকে বেরনোর সময় বিমান বসুর গাড়ি আসতে দেরি হওয়ায় মুখ্যমন্ত্রী নিজের গাড়ি দাঁড় করিয়ে রাখেন। প্রবীণ নেতা গাড়িতে না ওঠা পর্যন্ত তিনি নিজে অপেক্ষা করেন এবং তাঁকে গাড়িতে তুলে দিয়ে তবেই প্রস্থান করেন।

এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী যে উচ্চতা ও সৌজন্য দেখিয়েছেন তা থেকে সিপিএমের শিক্ষা নেওয়া উচিত। তাঁর মতে, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও প্রবীণ নেতাদের প্রতি এই সম্মান প্রদর্শন বাংলার রাজনৈতিক সংস্কৃতির এক উজ্জ্বল দিক। তামিলনাড়ুর প্রাক্তন রাজ্যপাল আর এন রবির শপথের দিন রাজ্য রাজনীতির দুই ভিন্ন মেরুর ব্যক্তিত্বের এই রসায়ন উপস্থিত সকলের নজর কেড়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *