দেব-এর অনুরোধে সাড়া দিলেন মমতা, স্টুডিওপাড়ার ৭০০০ টেকনিশিয়ানের জন্য খুলল স্বাস্থ্যসাথীর দুয়ার

টলিউডের হাজার হাজার কলাকুশলীদের জন্য এল বড় সুখবর। এবার থেকে স্টুডিওপাড়ার প্রায় ৭ হাজার টেকনিশিয়ান সরকারি ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের সুবিধা পাবেন। অভিনেতা তথা ঘাটালের সাংসদ দেব-এর বিশেষ অনুরোধে সাড়া দিয়ে এই মানবিক সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সমাজমাধ্যমে এই খুশির খবর ভাগ করে নেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সুপারস্টার দেব।
দীর্ঘদিন ধরেই টলিপাড়ার লাইট, ক্যামেরা এবং অ্যাকশনের নেপথ্যে থাকা কারিগরদের জন্য উন্নত চিকিৎসা পরিষেবার দাবি উঠছিল। সেই সমস্যা সমাধানে উদ্যোগী হয়ে সম্প্রতি মুখ্যমন্ত্রীকে একটি চিঠি লিখেছিলেন দেব। তারকা সাংসদের সেই প্রস্তাবে সম্মতি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর ফলে এখন থেকে টলিউডের কয়েক হাজার পরিশ্রমী টেকনিশিয়ান ও তাদের পরিবার স্বাস্থ্যবিমার আওতায় আসতে পারবেন।
এই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে আগামী ১৭ই মার্চ টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিওতে একটি বিশেষ রেজিস্ট্রেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ওই দিন সকাল থেকেই ইচ্ছুক কলাকুশলীরা সেখানে উপস্থিত থেকে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। দেবের এই সময়োপযোগী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন শিল্পী ও কলাকুশলীদের সংগঠনগুলো। রুপোলি পর্দার পেছনের কারিগরদের দীর্ঘদিনের অভাব পূরণে দেব ও মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ বিনোদন জগতে এক পজিটিভ বার্তা দিল।