বিশ্বকাপ শেষে উৎকণ্ঠার অবসান ঘটিয়ে ভারত থেকে ঘরের পথে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটাররা

বিশ্বকাপ শেষে উৎকণ্ঠার অবসান ঘটিয়ে ভারত থেকে ঘরের পথে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটাররা

মধ্যপ্রাচ্যের আকাশপথে যুদ্ধকালীন উত্তেজনার জেরে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে স্বদেশের বিমানে উঠলেন দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, ভারত থেকে দুই দলের সমস্ত খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের নিরাপদে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

গত ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ আফ্রিকার ২৯ জন এবং ওয়েস্ট ইন্ডিজের ১৬ জন সদস্য আলাদা বিমানে ভারতের মাটি ছেড়েছেন। মূলত ইরানের ওপর ইজরায়েল ও আমেরিকার হামলার জেরে বিমান পরিষেবা বিঘ্নিত হওয়ায় টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পরও ভারতে আটকে পড়েছিলেন তারা। বিশেষ করে ১ মার্চ ভারতের কাছে হারার পর থেকেই দেশে ফেরার অপেক্ষায় ছিলেন ক্যারিবিয়ান ক্রিকেটাররা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে, ক্যারিবিয়ান হেড কোচ ড্যারেন স্যামি সোশ্যাল মিডিয়ায় নিজের উৎকণ্ঠা প্রকাশ করে দ্রুত বাড়ি ফেরার আকুতি জানিয়েছিলেন।

আইসিসি জানিয়েছে, যুদ্ধ পরিস্থিতির কারণে রুট পরিবর্তন এবং বিমান বাতিলের ফলে খেলোয়াড়দের ফেরানো একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। তবে বিভিন্ন দেশের সরকার, বিমানবন্দর কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ডগুলোর সঙ্গে সমন্বয় রক্ষা করে লজিস্টিক টিম অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই সমস্যার সমাধান করেছে। আইসিসির পক্ষ থেকে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডসহ ক্রিকেটারদের ধৈর্য ধরার জন্য বিশেষ ধন্যবাদ জানানো হয়েছে। সব বাধা কাটিয়ে খেলোয়াড়দের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ক্রিকেট মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *