সীমান্তের লক্ষাধিক মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ব্রিগেডের সভা থেকে ইছামতীর নতুন সেতু উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী মোদি

উত্তর ২৪ পরগনার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী স্বরূপনগর ব্লকের বালঘড়িয়া এলাকায় ইছামতী নদীর ওপর নির্মিত নতুন কংক্রিটের সেতুটি আগামী ১৪ মার্চ উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার ব্রিগেড ময়দান থেকে ভার্চুয়াল মাধ্যমে এই সেতুর আনুষ্ঠানিক দ্বারোঘাটন করবেন তিনি। দীর্ঘ সাত বছর ধরে চলা স্থানীয় বাসিন্দাদের দাবিপূরণ হতে চলায় খুশির হাওয়া সীমান্ত এলাকায়।
বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই গুরুত্বপূর্ণ সেতুটি কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের বিশেষ উদ্যোগে নির্মিত হয়েছে। ২০২৪ সালে এই প্রকল্পের জন্য প্রায় ১৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। ১২০ ফুট দীর্ঘ এবং ৬.৪ মিটার চওড়া এই স্থায়ী সেতুটি চালু হলে স্বরূপনগর ব্লকের অন্তত তিনটি পঞ্চায়েত এলাকার ৫০টি গ্রামের লক্ষাধিক মানুষ সরাসরি উপকৃত হবেন। এতদিন বর্ষাকালে বা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এই অঞ্চলের বাসিন্দাদের অত্যন্ত বিপজ্জনকভাবে বাঁশের সাঁকোর ওপর নির্ভর করে যাতায়াত করতে হতো।
বনগাঁ বিজেপির সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক তারক সাহা জানান, এই আধুনিক সেতুটি চালু হওয়ার ফলে স্থানীয় কৃষক, ব্যবসায়ী এবং সাধারণ নিত্যযাত্রীদের দুর্ভোগ লাঘব হবে। বিশেষ করে জরুরি অবস্থায় হাসপাতাল বা প্রশাসনিক দপ্তরে পৌঁছানো এখন অনেক দ্রুত ও নিরাপদ হবে। সীমান্তের এই গুরুত্বপূর্ণ পরিকাঠামোটি ওই অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করা হচ্ছে।