গ্যাসের হাহাকারে এবার কি মিলবে না মায়ের প্রসাদ? বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে ভক্তদের ভোগ বিতরণে জারি হলো বড় নিষেধাজ্ঞা

দেশজুড়ে তীব্র গ্যাস সঙ্কটের আঁচ এবার সরাসরি এসে পড়ল দেবালয়ের রান্নাঘরে। বাগবাজারের সারদা মায়ের বাড়ির পর এবার বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মন্দিরেও ভক্তদের জন্য ভোগ বিতরণ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিল মন্দির কর্তৃপক্ষ। বৃহস্পতিবার শ্রী শ্রী সর্বমঙ্গলা ট্রাস্টবোর্ডের পক্ষ থেকে একটি জরুরি নোটিশ দিয়ে এই ঘোষণা করা হয়েছে।
নোটিশে জানানো হয়েছে যে, বাণিজ্যিক রান্নার গ্যাসের চরম অপ্রতুলতা এবং পর্যাপ্ত সরবরাহের অভাবে আগামী ১৩ মার্চ থেকে মন্দিরে বসে ভোগ গ্রহণ এবং মালসাভোগ প্রদান সম্পূর্ণ বন্ধ থাকবে। আন্তর্জাতিক পরিস্থিতির জেরে জ্বালানির এই তীব্র সংকটে কার্যত দিশেহারা মন্দির কমিটি। কুপনের বিনিময়ে এই মন্দিরে ভোগ বিতরণের দীর্ঘদিনের প্রথা থাকলেও বর্তমান পরিস্থিতিতে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই পরিষেবা স্থগিত রাখা হয়েছে।
উল্লেখ্য, ইরান ও আমেরিকার মধ্যকার যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দেশজুড়ে বাণিজ্যিক গ্যাসের আকাল দেখা দিয়েছে। ইতিপূর্বে কলকাতার বাগবাজারে সারদা মায়ের বাড়িতেও একইভাবে প্রসাদ বিতরণ বন্ধের নোটিশ দেওয়া হয়েছিল। জ্বালানি সঙ্কটের এই কোপ পড়েছে তমলুকের বর্গভীমা মন্দিরেও। বর্তমান এই সংকটজনক পরিস্থিতিতে রাজ্যের জেলাগুলিতে হাজার হাজার হোটেলের পাশাপাশি এবার ধর্মীয় উপাসনালয়গুলির অন্নসেবাও বড়সড় চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে।