রাজভবনে নয়া জমানার শুরু! আরএন রবির শপথ অনুষ্ঠানে মমতা থাকলেও গরহাজির শুভেন্দু

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের উপস্থিতিতে পশ্চিমবঙ্গের ২২তম রাজ্যপাল হিসেবে শপথ নিলেন প্রাক্তন আইপিএস অফিসার রবীন্দ্র নারায়ণ রবি। বৃহস্পতিবার লোকভবনে আয়োজিত এই হাই-ভোল্টেজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তবে রাজ্যপালের এই শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে প্রবল চর্চা, কারণ সম্পূর্ণ অনুষ্ঠান জুড়েই অনুপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীসহ বিজেপির কোনো প্রতিনিধি।
সিভি আনন্দ বোসের আকস্মিক পদত্যাগের পর স্থায়ী রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিলেন আরএন রবি। তামিলনাড়ুর রাজ্যপাল থাকাকালীন সেখানকার ডিএমকে সরকারের সঙ্গে তাঁর দীর্ঘ সংঘাতের ইতিহাস থাকলেও, বাংলার মাটিতে প্রথম দিনেই ধরা পড়ল ভিন্ন ছবি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানে উপস্থিত হয়ে সৌজন্যের নজির গড়েন। তিনি কেবল নতুন রাজ্যপালের পরিবারের সদস্যদের সঙ্গেই কথা বলেননি, বরং অনুষ্ঠানে আমন্ত্রিত বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর সঙ্গেও কুশল বিনিময় করেন। পিছনের সারিতে বসা বিমান বসুকে সামনে আসার অনুরোধ জানিয়ে মুখ্যমন্ত্রী তাঁর শরীরের খোঁজখবর নেন।
তবে মুখ্যমন্ত্রীর এই সৌজন্যের আবহেও বিরোধী দলনেতার অনুপস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে। যদিও সূত্রের খবর, শুভেন্দু অধিকারী ও বিজেপি সদস্যরা পরবর্তী সময়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারেন। অন্যদিকে, প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোসের হঠাৎ পদত্যাগ নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। সামনেই রাজ্যের বিধানসভা নির্বাচন, এই পরিস্থিতিতে নতুন রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের সমীকরণ কোন পথে এগোয়, এখন সেটাই দেখার।