গ্যাসের অভাবে স্কুলের রান্নাঘরে জ্বলছে কাঠের উনুন বিপাকে মিড ডে মিল কর্মীরা

গ্যাসের অভাবে স্কুলের রান্নাঘরে জ্বলছে কাঠের উনুন বিপাকে মিড ডে মিল কর্মীরা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাসের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই রাজ্যের স্কুলগুলোতে মিড ডে মিল নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। এলপিজি সিলিন্ডারের তীব্র সঙ্কটের জেরে বসিরহাট মহকুমা ও সুন্দরবন এলাকার একাধিক স্কুলে এখন কাঠের উনুনে রান্না করতে বাধ্য হচ্ছেন কর্মীরা। শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে হাসপাতাল বা মিড ডে মিলের রান্নায় যাতে কোনো সমস্যা না হয় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু বাস্তবের চিত্র সম্পূর্ণ ভিন্ন।

বসিরহাটের সাইপালা প্রাথমিক বিদ্যালয়ে হাজারের বেশি পড়ুয়ার জন্য প্রতিদিন মিড ডে মিল রান্না করা হয়। নার্সারি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত এই বিপুল সংখ্যক পড়ুয়ার খাবার তৈরি করতে হিমশিম খাচ্ছেন কর্মীরা। পর্যাপ্ত গ্যাস না থাকায় সকাল থেকেই কাঠের জ্বালানি দিয়ে চলছে রান্নার কাজ। এতে কেবল ধোঁয়া বা আগুনের তাপ নয়, বাড়তি উটকো ঝামেলা হিসেবে দেখা দিয়েছে কাঠের আকাশছোঁয়া দাম।

স্কুলের প্রধান শিক্ষক নিলয় সরকার জানিয়েছেন, সরকারি নির্দেশ মেনে মিড ডে মিল পরিষেবা চালু রাখা হয়েছে। তবে গ্যাসের সরবরাহ না থাকায় বাধ্য হয়েই বিকল্প পথে হাঁটতে হচ্ছে। যাতে কোনো পড়ুয়া খাবার থেকে বঞ্চিত না হয়, সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে স্কুল কর্তৃপক্ষ। মিড ডে মিল কর্মী পাপড়ি দে আক্ষেপ করে বলেন, স্কুলে সাধারণত কাঠ মজুত থাকে না। এখন নিরুপায় হয়ে কাঠ জোগাড় করে রান্না করতে হচ্ছে। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে আগামী দিনে এই পরিষেবা সচল রাখা কার্যত আসাম্ভব হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট সকলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *