মাত্র ২৭ বছরেই না ফেরার দেশে জনপ্রিয় মালয়ালম অভিনেতা হরিমুরালি কেরলের বাড়ি থেকে উদ্ধার পচাগলা দেহ

মালয়ালম চলচ্চিত্র জগতে শোকের ছায়া। কেরলের পায়্যান্নুরে নিজের বাসভবন থেকে জনপ্রিয় অভিনেতা তথা প্রাক্তন শিশুশিল্পী হরিমুরালির পচাগলা দেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ২৭ বছর। প্রায় ৫০টি মালয়ালম ছবিতে শিশুশিল্পী হিসেবে অভিনয় করা এই প্রতিভাবান শিল্পীর রহস্যজনক মৃত্যুতে স্তম্ভিত বিনোদন দুনিয়া।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হরিমুরালি তাঁর বাড়িতে একাই থাকতেন। দীর্ঘক্ষণ বাড়ি থেকে দুর্গন্ধ বের হতে থাকায় প্রতিবেশীদের সন্দেহ হয় এবং তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে অভিনেতার পচাগলা দেহ উদ্ধার করে। বর্তমানে তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাইয়ান্নুর বেবি মেমোরিয়াল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঠিক কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
হরিমুরালি শিশুশিল্পী হিসেবে মামুট্টি, দিলীপ এবং পৃথ্বীরাজ সুকুমারনের মতো মহাতারকাদের সঙ্গে কাজ করেছেন। ‘আন্নান থাম্পি’, ‘রসিকান’, ‘মাদাম্বি’ এবং ‘অমর আকবর অ্যান্থনি’-র মতো জনপ্রিয় ছবিতে তাঁর অভিনয় দর্শকদের নজর কেড়েছিল। সিনেমা ছাড়াও প্রায় ৪০টি টেলিভিশন ধারাবাহিকে দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি। প্রখ্যাত থিয়েটার ও চলচ্চিত্র অভিনেতা কে ইউ মুরালির পুত্র হরি অভিনয়ের পাশাপাশি ভিজ্যুয়াল ইফেক্টস এবং অ্যানিমেশনে উচ্চশিক্ষা লাভ করেছিলেন। পরবর্তীতে তিনি এর্নাকুলামের একটি সংস্থায় গ্রাফিক ডিজাইনার এবং ভিএফএক্স শিল্পী হিসেবে চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত ছিলেন। এই অকাল প্রয়াণে শোকাতুর তাঁর পরিবার ও সহকর্মীরা।