গ্যাসের বুকিং নিয়ে কড়া নিয়ম জারি করল কেন্দ্র বিপাকে পড়তে পারেন কয়েক কোটি গ্রাহক

পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে রান্নার গ্যাসের সরবরাহ নিয়ে দেশজুড়ে তৈরি হওয়া উদ্বেগের মাঝেই রান্নার গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে বড়সড় নিয়ম বদল করল কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। এবার থেকে গ্রামাঞ্চলের গ্রাহকরা ৪৫ দিনের আগে নতুন সিলিন্ডার বুক করতে পারবেন না। বুধবার রাত থেকেই এই নয়া নির্দেশিকা কার্যকর করা হয়েছে।
শহরাঞ্চলের গ্রাহকদের জন্য ২৫ দিনের পুরনো নিয়ম বজায় থাকলেও গ্রামীণ এলাকার জন্য এই সময়সীমা একধাক্কায় অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে। পেট্রোলিয়াম মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানিয়েছেন, হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার কারণে আমদানিকৃত গ্যাসের সরবরাহে প্রায় ২০ শতাংশ ঘাটতি দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে সিলিন্ডার মজুত করা এবং কালোবাজারি রুখতেই গ্রামাঞ্চলে ৪৫ দিনের এই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
অন্যদিকে, দেশের বাজারে জ্বালানির কোনো সংকট নেই বলে সংসদে দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিংহ পুরী। তিনি জানান, ভারত বর্তমানে ৪০টি দেশ থেকে অপরিশোধিত তেল কিনছে এবং বুকিং করার আড়াই দিনের মধ্যেই সিলিন্ডার পৌঁছে দেওয়া হচ্ছে। মন্ত্রীর দাবি, সাধারণ মানুষের মধ্যে অহেতুক আতঙ্ক তৈরি হওয়ায় এবং ‘প্যানিক বুকিং’ বেড়ে যাওয়ার কারণেই কিছু সমস্যা দেখা দিচ্ছে। তবে আন্তর্জাতিক পরিস্থিতির চাপে সরবরাহ ব্যবস্থা যে ধাক্কা খেয়েছে, তা কার্যত স্বীকার করে নিয়েছে মন্ত্রক। বিরোধীরা এই ইস্যু নিয়ে সরব হলেও সরকার সিলিন্ডার বণ্টন ব্যবস্থা নিয়ন্ত্রণে রাখতেই এই কঠোর পদক্ষেপ গ্রহণ করল।