সচিন তেন্ডুলকরের অবসর নিয়ে বিস্ফোরক তথ্য ফাঁস করলেন সন্দীপ পাতিল

ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকরের অবসর কি স্বেচ্ছায় ছিল নাকি তাঁকে বাধ্য করা হয়েছিল? প্রায় দেড় দশক পর এই নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আনলেন তৎকালীন প্রধান নির্বাচক সন্দীপ পাতিল। তাঁর দাবি অনুযায়ী, সচিন তেন্ডুলকরের ক্রিকেটীয় ভবিষ্যৎ নিয়ে বিসিসিআই-এর কঠোর পরিকল্পনার কথা জানতে পেরেই তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন।
সন্দীপ পাতিল জানান, ২০১২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে নাগপুর টেস্টে ভারতের পরাজয়ের পর নির্বাচক কমিটি সচিনের বিকল্প খোঁজার পথে হাঁটার সিদ্ধান্ত নেয়। পাতিল এবং নির্বাচক রাজেন্দ্র সিং হংস সচিনের সঙ্গে দেখা করে সরাসরি তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চান। প্রধান নির্বাচকের মুখে বিকল্প খেলোয়াড় খোঁজার কথা শুনে সচিন রীতিমতো হতবাক হয়ে গিয়েছিলেন।
সন্দীপ পাতিলের ভাষ্যমতে, সেই আলোচনার কয়েকদিন পরেই সচিন তাঁকে ফোন করে অবসরের সিদ্ধান্তের কথা জানান। পাতিল বলেন, “সচিন আমাকে ফোন করে জিজ্ঞেস করেছিল আমি যা বলেছি তা সত্যিই কি না। আমি হ্যাঁ বলার পর ও অবসরের ঘোষণা দেয়।” পাতিল আরও যোগ করেন যে, সচিনের ফর্ম পড়ে যাওয়ার কারণেই নির্বাচক কমিটিকে এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল এবং পরবর্তীতে তাঁর জায়গায় অজিঙ্কা রাহানেকে দলে সুযোগ দেওয়া হয়।