নির্বাচনী প্রার্থী তালিকায় বড় চমক তৃণমূলের এক পরিবার এক টিকিট নীতিতে শুধুমাত্র দাস পরিবারই ব্যতিক্রম

রাজ্য রাজনীতির অলিন্দে এখন সবথেকে বড় চর্চা তৃণমূল কংগ্রেসের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা। কালীঘাট সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে আসন্ন নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে অত্যন্ত কড়া অবস্থান নিয়েছে জোড়াসফুল শিবির। দলের অন্দরে এবার এক পরিবার এক টিকিট নীতি কার্যকর করতে চলেছে শীর্ষ নেতৃত্ব। ফলে বাবা ও মেয়ে অথবা মা ও ছেলের একসঙ্গে টিকিট পাওয়ার সম্ভাবনা কার্যত নেই বললেই চলে।
এই নতুন নীতির কারণে কলকাতার হেভিওয়েট নেতা ও মন্ত্রীদের পরিবারের সদস্যদের টিকিট পাওয়া নিয়ে প্রবল অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফিরহাদ হাকিম, মালা রায়, কাকলি ঘোষ দস্তিদার কিংবা অতীন ঘোষের মতো ব্যক্তিত্বদের পরিবারের দ্বিতীয় প্রজন্মকে প্রার্থী করার বিষয়ে কালীঘাট ও ক্যামাক স্ট্রিট সহমত হতে পারেনি বলেই জানা যাচ্ছে। তবে এই কঠোর নিয়মের মধ্যেও ব্যতিক্রমী নাম হিসেবে উঠে আসছে দাস পরিবারের কথা। মহেশতলার বিধায়ক দুলাল দাস এবং তাঁর মেয়ে বেহালা পূর্বের বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে বিশেষ সিদ্ধান্ত নিতে পারে দল। শোনা যাচ্ছে রত্না চট্টোপাধ্যায়কে তাঁর পুরনো আসনেই রাখা হতে পারে এবং দুলাল দাসের পরিবর্তে মহেশতলায় প্রার্থী হতে পারেন তাঁর ছেলে শুভাশিস দাস।
তৃণমূলের অন্দরের খবর অনুযায়ী এবার প্রার্থী তালিকায় বড়সড় রদবদল হতে চলেছে। অনেক বর্তমান বিধায়ক তাঁদের আসন খোয়াতে পারেন আবার রাজীব বন্দ্যোপাধ্যায় বা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মতো নেতাদের নতুন কোনো আসনে দেখা যেতে পারে। শোভনদেব চট্টোপাধ্যায় ও শুভাশিস চক্রবর্তীর মতো অভিজ্ঞ নেতাদের ইতিমধ্যেই নির্দিষ্ট আসনের জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে। নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করলেই মমতা বন্দ্যোপাধ্যায় চূড়ান্ত তালিকা প্রকাশ করবেন বলে আশা করা হচ্ছে।