ব্রিগেডে মোদীর মঞ্চে দক্ষিণেশ্বর থেকে টেরাকোটা শিল্পের ছোঁয়ায় তুঙ্গে বাঙালিয়ানা

ব্রিগেডে মোদীর মঞ্চে দক্ষিণেশ্বর থেকে টেরাকোটা শিল্পের ছোঁয়ায় তুঙ্গে বাঙালিয়ানা

দক্ষিণেশ্বর মন্দিরের বিশালাকায় ছবি থেকে বাঁকুড়ার বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী টেরাকোটা শিল্প— প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেডের জনসভার মঞ্চে এবার ষোলোআনা বাঙালিয়ানার ছোঁয়া। শনিবার কলকাতায় প্রশাসনিক সভার পাশাপাশি ব্রিগেডে মেগা জনসভা করবেন প্রধানমন্ত্রী। সেই লক্ষ্যেই প্রায় ৮০ ফুট চওড়া ও ১০ ফুট উঁচু মূল মঞ্চ সাজিয়ে তোলা হচ্ছে বাংলার কৃষ্টি ও সংস্কৃতির নানা উপাদানে।

মঞ্চের ব্যাকড্রপে দক্ষিণেশ্বর মন্দিরের আদলের পাশাপাশি দুই প্রান্তে ফুটিয়ে তোলা হয়েছে বাংলার বিভিন্ন জেলার লোকশিল্প। যেখানে স্থান পেয়েছে পটচিত্র থেকে শুরু করে উত্তরবঙ্গের হাতির প্রতিকৃতিও। রাজনৈতিক মহলের মতে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বঙ্গবাসীর আবেগ ছুঁতে এবং বাংলা সংস্কৃতির প্রতি বিজেপির শ্রদ্ধার বার্তা দিতেই এই বিশেষ পরিকল্পনা।

দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে বহিরাগত ও বাংলা-বিরোধী তকমা দিয়ে প্রচার চালিয়ে আসছে। সেই আবহে খোদ প্রধানমন্ত্রীর মঞ্চে বাংলার লোকশিল্প ও ধর্মীয় ঐতিহ্যের এই মেলবন্ধন রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। শাসকদলের বাঙালি তাস মোকাবিলায় মোদীর এই ‘সাংস্কৃতিক ছক’ ভোটবাক্সে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *