সুনীলদের ডেরায় জয়ের ধারা ধরে রাখতে মরিয়া লোবেরা লক্ষ্য এবার কান্তিরাভা থেকে ৩ পয়েন্ট

চলতি আইএসএলে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে মোহনবাগান। টানা চার ম্যাচে জয়ের পর এবার সবুজ-মেরুনের সামনে অ্যাওয়ে ম্যাচের কঠিন চ্যালেঞ্জ। প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। গত মরসুমের ০-৩ হারের ক্ষত ভুলে সুনীল ছেত্রীদের ঘরের মাঠ থেকেই ৩ পয়েন্ট ছিনিয়ে আনতে আত্মবিশ্বাসী বাগান কোচ সের্জিয়ো লোবেরা।
বৃহস্পতিবার যুবভারতীর ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে লোবেরা স্পষ্ট জানান, অতীত নিয়ে তিনি ভাবছেন না। প্রতিপক্ষ শক্তিশালী হলেও তাঁর লক্ষ্য কেবল জয়। কোচ বলেন, “বেঙ্গালুরু যথেষ্ট কঠিন দল, বিশেষ করে নিজেদের মাঠে ওরা বিধ্বংসী। তবে আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া, তাই প্রতিটি ম্যাচ থেকেই পুরো পয়েন্ট তুলে নিতে হবে।” প্রতিপক্ষের সুনীল ছেত্রীকে নিয়ে আলাদা পরিকল্পনা না করে গোটা দলকে রুখে দেওয়ার কৌশল সাজাচ্ছেন তিনি।
এদিকে চোটের কারণে হয়তো শনিবারের ম্যাচে থাকছেন না রবসন রবিনহো। তবে তা নিয়ে চিন্তিত নন লোবেরা। দলের মাঝমাঠের স্তম্ভ অনিরুদ্ধ থাপা কোচের পরিকল্পনায় নিজেকে মানিয়ে নিয়েছেন। থাপা বলেন, “নতুন কোচের অধীনে নতুন চ্যালেঞ্জ নিতে আমি প্রস্তুত। বেঙ্গালুরু ম্যাচে ৩ পয়েন্ট ছাড়া অন্য কিছু ভাবছি না।”
ম্যাচের আগে মোহনবাগানের কোচিং প্যানেলেও এসেছে পরিবর্তন। গোলকিপার কোচ ফ্রান্সিস্কো মার্তিনেজ় লিয়ন দায়িত্ব ছাড়ায় তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন অভ্র মণ্ডল। নতুন কোচের প্রশিক্ষণ ও লোবেরার রণকৌশলে ভর করে কান্তিরাভা জয় করাই এখন পালতোলা নৌকার প্রধান লক্ষ্য।