৬ দিনেই খরচ ১১৩০ কোটি ডলার ইরান যুদ্ধে দেউলিয়া হওয়ার পথে আমেরিকা

মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে নেমে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুদ্ধের প্রথম ছয় দিনেই ওয়াশিংটনের ব্যয় হয়েছে প্রায় ১ হাজার ১৩০ কোটি ডলার। মার্কিন কংগ্রেসের এক সাম্প্রতিক ব্রিফিংয়ে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন।
প্রতিবেদনে জানানো হয়েছে, অভিযানের শুরুর মাত্র দুই দিনেই প্রায় ৫৬০ কোটি ডলার মূল্যের অস্ত্র ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে আমেরিকা। এই ব্যয় সামাল দিতে কংগ্রেসের কাছে আরও ৫ হাজার কোটি ডলারের জরুরি তহবিল অনুমোদনের আবেদন করা হতে পারে। তবে সামরিক বিশ্লেষকদের মতে, প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি।
অন্যদিকে, যুদ্ধ বিরতির জন্য তিনটি কঠোর শর্ত দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তাঁর দাবি, আন্তর্জাতিক স্তরে ইরানের ন্যায্য অধিকার মেনে নিতে হবে, সাম্প্রতিক হামলায় হওয়া ক্ষয়ক্ষতির পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে এবং ভবিষ্যতে পুনরায় হামলার না হওয়ার নিশ্চয়তা প্রদান করতে হবে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ শেষের ইঙ্গিত দিলেও ইরান তা সরাসরি প্রত্যাখ্যান করেছে। আইআরজিসি-র পক্ষ থেকে জানানো হয়েছে, যুদ্ধ কখন শেষ হবে সেই সিদ্ধান্ত এখন ইরানের সামরিক বাহিনীর হাতে। ২৮ ফেব্রুয়ারির পর থেকে বাহরাইন, দুবাই, সৌদি আরব ও কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের মিসাইল হামলায় আমেরিকার একাধিক রাডার ব্যবস্থা ধ্বংস হয়েছে এবং বেশ কিছু সেনা জওয়ান নিহত হয়েছেন। দুবাই বিমানবন্দর ও হরমুজ প্রণালীতে ক্রমাগত হামলার ফলে বিশ্ব অর্থনীতি ও তেল সরবরাহেও বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে।