কবির সিং খ্যাত সোহমের এবার বলিউড কাঁপানো নতুন চমক নানা পাটেকরের সাথে ভুতুড়ে ছবিতে

বাংলা ছবির গণ্ডি ছাড়িয়ে মুম্বইয়ের রুপোলি পর্দায় নিজের মাটি শক্ত করছেন অভিনেতা সোহম মজুমদার। ‘কবির সিং’ এবং ‘স্কাই ফোর্স’-এর পর এবার বলিউডের হাই-ভোল্টেজ হরর কমেডিতে দেখা যাবে টলিউডের এই প্রতিভাকে। ম্যাডক্স ফিল্মসের প্রযোজনায় এবং আদিত্য সরপোতদারের পরিচালনায় ‘শক্তিশালিনী’ ছবিতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি।
সম্প্রতি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ ছবিতে মিমি চক্রবর্তীর বিপরীতে কাজ করে দর্শকদের নজর কেড়েছিলেন সোহম। বাংলার পর এবার হিন্দি ছবির দর্শকদের ভয় আর হাসির মিশেলে বিনোদন দিতে প্রস্তুত তিনি। এই ছবিতে সোহমের পাশাপাশি পর্দায় দেখা যাবে আশুতোষ রানা, নানা পাটেকর, বিনীত কুমার সিংহ, সীমা বিশ্বাস এবং বিশাল জেঠওয়ার মতো নামী অভিনেতাদের। সোহমের বিপরীতে এই ছবিতে থাকছেন ‘সাইয়ারা’ খ্যাত অভিনেত্রী অনিত পদ্দা।
বর্তমানে সোহম ব্যস্ত রয়েছেন সুচন্দ্রা বানিয়া পরিচালিত ‘পরবর্তী স্টেশন বেগুনকোদর’ ছবির কাজ নিয়ে। এই প্রজেক্ট শেষ করেই তিনি বলিউডের নতুন ছবির শুটিং শুরু করবেন। চলতি মাসের শেষেই ছবিটির কাজ শুরু হওয়ার কথা রয়েছে এবং বছরের শেষ নাগাদ এটি মুক্তি পেতে পারে। চরিত্র নিয়ে এখনই বিস্তারিত কিছু না জানালেও, দক্ষ অভিনেতাদের ভিড়ে সোহম আবারও নিজের জাত চেনাবেন বলে আশাবাদী অনুরাগীরা।