টেকনিশিয়ানদের মুখে হাসি ফুটিয়ে বড় ঘোষণা দেবের ৭০০০ পরিবার পাচ্ছে স্বাস্থ্যসাথীর সুরক্ষা

টেকনিশিয়ানদের মুখে হাসি ফুটিয়ে বড় ঘোষণা দেবের ৭০০০ পরিবার পাচ্ছে স্বাস্থ্যসাথীর সুরক্ষা

টলিউডের টেকনিশিয়ানদের দীর্ঘদিনের সমস্যার সমাধান করলেন অভিনেতা তথা সাংসদ দেব। বাংলা চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত প্রায় ৭ হাজার টেকনিশিয়ান ও তাঁদের পরিবারের জন্য এবার স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা নিশ্চিত করলেন তিনি। এই মহৎ উদ্যোগের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা।

দীর্ঘদিন ধরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির টেকনিশিয়ানরা রাজ্য সরকারের একটি নির্দিষ্ট মেডিক্লেম পরিষেবা পেতেন। তবে চলতি অর্থবর্ষ থেকে ৫ লক্ষ টাকার সেই বিমা পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় চরম অনিশ্চয়তায় পড়েন কয়েক হাজার কর্মী ও তাঁদের পরিবার। এই পরিস্থিতিতে টেকনিশিয়ানরা দেবের কাছে সাহায্যের আবেদন জানান। তাঁদের সেই অনুরোধের ভিত্তিতেই মুখ্যমন্ত্রীকে লিখিত চিঠি দেন দেব। মুখ্যমন্ত্রী সেই আবেদন গ্রহণ করায় এখন থেকে এই টেকনিশিয়ানরা স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় চলে এলেন।

সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়ে দেব লিখেছেন, আগামী ১৭ মার্চ থেকে এই প্রকল্পের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে। নির্দিষ্ট দিনে সমস্ত টেকনিশিয়ানদের নাম নথিভুক্ত করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি। দেবের এই মানবিক পদক্ষেপের প্রশংসা করেছেন প্রযোজক রানা সরকারও। তিনি জানান, মুখে কথা কম বলে কাজের মাধ্যমে টেকনিশিয়ানদের পাশে দাঁড়িয়ে দেব আবারও প্রমাণ করলেন তিনি প্রকৃত অর্থেই ইন্ডাস্ট্রির অভিভাবক।

পেশাগত ব্যস্ততার মাঝেও টেকনিশিয়ানদের স্বার্থে দেবের এই লড়াই টলিপাড়ায় ব্যাপক সাড়া ফেলেছে। উল্লেখ্য, চলতি বছরে দেবের একাধিক বড় সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে, যার মধ্যে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’, ‘দেশু ৭’ এবং ‘খাদান ২’ অন্যতম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *