গালাগালি না শুনলে মন ভালো হয় না রূপঙ্করের! ট্রোলারদের মোক্ষম জবাব গায়কের

কেকে-র মৃত্যুর পর থেকেই নেটদুনিয়ায় ক্রমাগত কটাক্ষের শিকার হতে হচ্ছে জাতীয় পুরস্কারজয়ী সংগীতশিল্পী রূপঙ্কর বাগচীকে। সোশ্যাল মিডিয়ায় কোনও ছবি বা পোস্ট দিলেই ধেয়ে আসে নেতিবাচক মন্তব্য। দীর্ঘদিন ধরে চলা এই ট্রোলিং নিয়ে এবার মুখ খুললেন শিল্পী। তবে প্রতিবাদের ভাষা হিসেবে তিনি বেছে নিলেন তীব্র শ্লেষ ও রসবোধকে।
সম্প্রতি একটি পডকাস্টে উপস্থিত হয়ে রূপঙ্কর জানান, ট্রোলারদের গালিগালাজ এখন তাঁর জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। বিদ্রুপের সুরে তিনি বলেন, “এখনও তো মাঝেমধ্যে আমাকে গালাগালি খেতে হয়, আমি খাই। বরং গালাগাল না খেলেই মন খারাপ হয়। মনে হয় কী পোস্ট করলাম যে কেউ একটা গালাগালিও দিল না!”
ট্রোলারদের উদ্দেশ্যে সরাসরি বার্তা দিয়ে গায়ক বলেন, “আপনাদের আশাতেই আমি বসে থাকি। দয়া করে আমাকে গালাগালি করবেন। দুই-তিনটে খিস্তি না পেলে আমার ভালো লাগে না।” নেতিবাচক মন্তব্যকে জীবনের অংশ হিসেবে মেনে নিয়ে তিনি আরও যোগ করেন, “একটানা ভালো ভালো কমেন্ট দেখতে একদম ভালো লাগে না। যখন হঠাৎ আপনাদের (ট্রোলারদের) দেখতে পাই, তখন মনে হয় আমার একটা জীবন আছে।”
রূপঙ্করের এই মন্তব্য থেকে স্পষ্ট যে, সামাজিক মাধ্যমের নেতিবাচকতাকে তিনি আর গায়ে মাখছেন না। বরং ট্রোলারদের আক্রমণের অস্ত্রকেই ঢাল বানিয়ে তাদের উপহাসের পাত্রে পরিণত করেছেন তিনি। পেশাদার বিনোদন দুনিয়ায় বর্তমান সময়ে সেলিব্রিটিরা যে ট্রোলিংয়ের সঙ্গে ঘর করতে অভ্যস্ত হয়ে উঠেছেন, রূপঙ্করের এই প্রতিক্রিয়াই তার প্রমাণ।