বাবার হত্যার বদলা নিতে যুদ্ধের ডাক দিলেন মোজতাবা খামেনেই কাঁপছে গোটা বিশ্ব

বাবার হত্যার বদলা নিতে যুদ্ধের ডাক দিলেন মোজতাবা খামেনেই কাঁপছে গোটা বিশ্ব

পশ্চিম এশিয়ায় সংঘাতের ১৩তম দিনে ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতোল্লা মোজতাবা খামেনেই তাঁর প্রথম ভাষণে অত্যন্ত কঠোর বার্তা দিয়েছেন। তাঁর বাবা তথা প্রাক্তন সর্বোচ্চ নেতার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার শপথ নিয়ে তিনি স্পষ্ট জানিয়েছেন যে, শত্রুদের বিরুদ্ধে লড়াই জারি থাকবে এবং প্রয়োজনে নতুন রণক্ষেত্র বা ফ্রন্ট খোলা হবে।

মোজতাবা খামেনেই তাঁর ভাষণে রণকৌশল হিসেবে বিশ্ব অর্থনীতির লাইফলাইন বলে পরিচিত হরমুজ প্রণালী অবরুদ্ধ রাখার ডাক দিয়েছেন। তিনি বলেন, “প্রতিরোধের স্বার্থে হরমুজ প্রণালী বন্ধ রাখার যে কৌশলগত সুবিধা আমাদের হাতে আছে, তা অবশ্যই ব্যবহার করা হবে।” তিনি আরও জানান যে, ইরান শত্রুদের দুর্বল জায়গাগুলো চিহ্নিত করেছে এবং দেশের স্বার্থে সেইসব পয়েন্টে নতুন করে হামলা চালানো হতে পারে।

শহীদদের রক্তের বদলা নেওয়ার অঙ্গীকার করে খামেনেই বলেন, “আমি সবাইকে আশ্বস্ত করছি যে আমরা প্রতিটি হত্যার প্রতিশোধ নেব। শত্রুর হাতে নিহত প্রত্যেক দেশবাসী আমাদের কাছে বদলা নেওয়ার একেকটি কারণ।” পাশাপাশি তিনি পারস্য উপসাগরের প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করে দিয়ে আমেরিকার সামরিক ঘাঁটিগুলো দ্রুত বন্ধ করার পরামর্শ দিয়েছেন। তাঁর দাবি, সাম্প্রতিক হামলায় ওই ঘাঁটিগুলো ব্যবহৃত হওয়ায় ইরান সেখানে পাল্টা আঘাত হেনেছে।

বর্তমানে আমেরিকা ও ইজরায়েলের সঙ্গে চরম উত্তেজনার আবহে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ইরান। বিশ্বের মোট তেল বাণিজ্যের প্রায় এক-চতুর্থাংশ এই সরু পথ দিয়ে পরিবাহিত হওয়ায় খামেনেইর এই ঘোষণা বিশ্ব অর্থনীতি ও সাপ্লাই চেনের ওপর বড় ধরনের সংকটের মেঘ ঘনীভূত করেছে। ইরানের নতুন নেতার এই রণংদেহি মূর্তি এখন আন্তর্জাতিক মহলে উদ্বেগের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *