কাতার থেকে দেশে ফিরলেন ৭০০ ভারতীয়, বাড়তে পারে উড়ান সংখ্যা

কাতার থেকে দেশে ফিরলেন ৭০০ ভারতীয়, বাড়তে পারে উড়ান সংখ্যা

পশ্চিম এশিয়ার চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে কাতার থেকে দেশে ফিরলেন প্রায় ৭০০ জন ভারতীয় নাগরিক। গত বৃহস্পতিবার বিকেলে দোহায় অবস্থিত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। কাতার এয়ারওয়েজের দুটি বিশেষ ফ্লাইটে দিল্লি ও মুম্বইসহ দেশের বিভিন্ন গন্তব্যে পৌঁছেছেন এই যাত্রীরা। আগামী কয়েকদিন ভারতমুখী উড়ানের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে দূতাবাসের।

বিদেশে আটকে পড়া নাগরিকদের সুবিধার্থে দোহায় অবস্থিত ভারতীয় দূতাবাস বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। যেসব ভারতীয় ভিজিট ভিসায় কাতারে রয়েছেন, তাদের জন্য ৯৬ ঘণ্টার অস্থায়ী ট্রানজিট ভিসার ব্যবস্থা করা হচ্ছে। এর ফলে তারা স্থলপথে সৌদি আরব সীমান্ত দিয়েও নিরাপদে দেশে ফেরার সুযোগ পাবেন। এছাড়া জরুরি প্রয়োজনে পাসপোর্ট নবীকরণ সংক্রান্ত কাজের জন্য ১৩ ও ১৪ মার্চ দূতাবাস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দূতাবাসের পক্ষ থেকে কাতারে বসবাসরত ভারতীয়দের স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশিকা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। বর্তমানে কাতারের বাজার পরিস্থিতি স্থিতিশীল এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে। তাই যেকোনো ধরনের গুজবে কান না দিয়ে আতঙ্কিত হয়ে পণ্য মজুত করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতিতে দূতাবাসের সোশ্যাল মিডিয়া চ্যানেলে যোগাযোগের জন্য বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *