ইরানি পরমাণু বিজ্ঞানীদের নিকেশ করার দাবি নেতানিয়াহুর

ইরানি পরমাণু বিজ্ঞানীদের নিকেশ করার দাবি নেতানিয়াহুর

আরব দুনিয়ায় চলমান যুদ্ধের আবহে ইরানের পরমাণু প্রকল্পের ওপর বড়সড় আঘাত হানার দাবি করল ইজরায়েল। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ইজরায়েলি হামলায় ইরানের একাধিক শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। তাঁর মতে, এই বিজ্ঞানীরাই ইজরায়েলকে ধ্বংস করার লক্ষ্যে পারমাণবিক বোমা তৈরির নেপথ্যে মূল ভূমিকা পালন করছিলেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সেও তিনি এই অভিযানের সাফল্যের কথা নিশ্চিত করেছেন।

একই সঙ্গে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইকে তীব্র কটাক্ষ করেছেন নেতানিয়াহু। খামেনেইকে ‘পুতুল’ হিসেবে অভিহিত করে তিনি দাবি করেন যে, সংঘাত শুরুর পর থেকে তাঁকে আর জনসমক্ষে দেখা যাচ্ছে না। বিভিন্ন মহলের ধারণা অনুযায়ী খামেনেই আহত অবস্থায় রয়েছেন এবং তিনি বর্তমানে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছেন।

ইজরায়েলি প্রধানমন্ত্রী সরাসরি ইরানের সাধারণ মানুষের উদ্দেশেও বিশেষ বার্তা দিয়েছেন। তিনি বর্তমান পরিস্থিতিকে ইরানের জন্য ‘স্বাধীনতার নতুন পথ’ বেছে নেওয়ার সুযোগ হিসেবে বর্ণনা করেছেন। নেতানিয়াহু স্পষ্ট জানান যে ইজরায়েল সেদেশের জনগণের পাশে আছে, তবে দেশের ভবিষ্যৎ নির্ধারণের চূড়ান্ত সিদ্ধান্ত সাধারণ মানুষকেই নিতে হবে। এই মন্তব্যকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *