‘চৌধুরী ভিলা’য় ফিরলেন অধীর: বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে তুঙ্গে জল্পনা

দীর্ঘ বিরতির পর বহরমপুরের ‘পয়া’ বাড়ি হিসেবে পরিচিত ‘চৌধুরী ভিলা’য় ফিরলেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর চৌধুরী। বুধবার হঠাৎই জেলা কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, এখন থেকে দলীয় কার্যালয়ের পরিবর্তে এই পুরনো বাড়ি থেকেই সাংবাদিকদের মুখোমুখি হবেন তিনি। ২০২৪-এর লোকসভা নির্বাচনে হারের পর অধীরবাবুর এই পদক্ষেপে রাজনৈতিক মহলে নতুন সমীকরণ তৈরির ইঙ্গিত মিলছে।
দীর্ঘদিন বন্ধ থাকার পর গোরাবাজারের এই বাড়িতে অধীর চৌধুরীর প্রত্যাবর্তনকে কেন্দ্র করে তাঁর বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার জল্পনা জোরালো হয়েছে। ১৯৯৬ সালে নবগ্রাম থেকে বিধায়ক হওয়া এই বর্ষীয়ান নেতা কি ২০২৬-এ বহরমপুর কেন্দ্র থেকে লড়বেন, তা নিয়ে চর্চা শুরু হয়েছে। যদিও অধীরবাবু একে ব্যক্তিগত সিদ্ধান্ত বলে দাবি করেছেন এবং কোনো বিশেষ ‘লাকি’ তত্ত্বকে আমল দিতে নারাজ।
অধীর চৌধুরীর এই সক্রিয়তাকে সমর্থন জানিয়েছেন আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর। তিনি জানিয়েছেন, অধীর চৌধুরী বিধানসভায় দাঁড়ালে তাঁকে জেতাতে তিনি সর্বশক্তি নিয়োগ করবেন। লোকসভা নির্বাচনের ভুল সংশোধনের মাধ্যমেই এই রাজনৈতিক প্রায়শ্চিত্ত করতে চান তিনি। আপাতত জেলার রাজনীতিতে অধীর চৌধুরীর এই নতুন অবস্থানকে কেন্দ্র করে সরগরম মুর্শিদাবাদ।