অস্কারের আগে এআই অভিনেত্রীর মিউজিক ভিডিও ঘিরে হলিউডে তুঙ্গে বিতর্ক

আসন্ন অস্কার পুরস্কার মঞ্চে উপস্থিতির আগাম বার্তা দিয়ে বিতর্কের কেন্দ্রে জায়গা করে নিলেন বিশ্বের প্রথম এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) অভিনেত্রী টিলি নরউড। ডাচ নির্মাতা এলিন ভ্যান ডের ভেলডেনের সৃষ্টি এই ভার্চুয়াল চরিত্রের একটি নতুন মিউজিক ভিডিও সম্প্রতি মুক্তি পেয়েছে। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ঠিক আগে এমন প্রকাশকে রক্ত-মাংসের অভিনেতা ও সমালোচকদের প্রতি একপ্রকার চ্যালেঞ্জ হিসেবেই দেখছে চলচ্চিত্র দুনিয়ার একাংশ।
ভিডিওটিতে টিলিকে তার অস্তিত্ব ও মানবিক সত্তা নিয়ে গান গাইতে দেখা গেলেও হলিউড তাকে সাদরে গ্রহণ করতে নারাজ। গানের কথায় নিজেকে কেবল একটি যন্ত্র নয়, বরং প্রাণবন্ত সত্তা হিসেবে দাবি করেছেন তিনি। এমনকি অস্কারে যাওয়ার উত্তেজনা প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন এই কৃত্রিম অভিনেত্রী। তবে নেটিজেনদের বড় অংশ এই উদ্ভাবনের তীব্র সমালোচনা করে একে ‘প্রাণহীন’ বলে অভিহিত করেছেন।
এই মিউজিক ভিডিওটি তৈরিতে ১৮ জন প্রকৃত মানুষ কাজ করলেও লিরিক্স এবং সুরের মান নিয়ে প্রশ্ন তুলেছেন দর্শকরা। ইতিমধ্যেই হাজার হাজার মানুষ ভিডিওটি দেখে নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন এবং নির্মাতার নান্দনিক বোধ নিয়ে সংশয় প্রকাশ করেছেন। প্রযুক্তি বনাম প্রকৃত সৃজনশীলতার এই লড়াই অস্কারের প্রাক্কালে বিনোদন জগতে এক নতুন তর্কের জন্ম দিয়েছে।