দিলীপ ঘোষের ‘হুমকি’ ভিডিও নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল

দিলীপ ঘোষের ‘হুমকি’ ভিডিও নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল

বিজেপি নেতা দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ভারতের নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। শাসক দলের অভিযোগ, প্রকাশ্য জনসভা ও ভিডিও বার্তায় দিলীপ ঘোষ বিধায়ক এবং সাধারণ ভোটারদের ওপর হামলার উস্কানি দিচ্ছেন। দিল্লির নির্বাচন সদনে জমা দেওয়া অভিযোগে তৃণমূল দাবি করেছে, এই ধরনের মন্তব্য নির্বাচনী আচরণবিধির চরম লঙ্ঘন এবং সাধারণ মানুষকে ভয় দেখানোর একটি সুপরিকল্পিত ছক।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে যে, দিলীপ ঘোষ সরাসরি মন্ত্রী শশী পাঁজা এবং বিধায়ক মদন মিত্রের বাসভবনে হামলার হুঁশিয়ারি দিয়েছেন। এমনকি কালীঘাট ও চেতলা এলাকার শান্তি বিঘ্নিত করার প্ররোচনাও তাঁর বার্তায় স্পষ্ট। তৃণমূলের দাবি, বিজেপি নেতা হুঙ্কার দিয়েছেন যে বিরোধীদের মোকাবিলা করতে তাঁদের বাইরের লোক লাগে না, দলীয় কর্মীরাই যথেষ্ট। এই মন্তব্যগুলো রাজনৈতিক হিংসা উসকে দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জোড়াফুল শিবির।

তৃণমূল কংগ্রেস কমিশনের কাছে দিলীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর দায়ের এবং তাঁকে কারণ দর্শানোর নোটিস পাঠানোর দাবি জানিয়েছে। পাশাপাশি আপত্তিকর ভিডিওগুলো সমাজমাধ্যম থেকে সরিয়ে ফেলা এবং সংশ্লিষ্ট বিধায়কদের নিরাপত্তা বাড়ানোর আবেদন করা হয়েছে। রাজ্যে আসন্ন নির্বাচনের আগে এই উত্তপ্ত পরিস্থিতিতে নির্বাচন কমিশন কী পদক্ষেপ গ্রহণ করে, এখন সেটাই দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *