আবরার আহমেদকে দলে নিয়ে তোপের মুখে সানরাইজার্স, বয়কটের ডাক নেটিজেনদের
পাকিস্তানি স্পিনার আবরার আহমেদকে ‘দ্য হান্ড্রেড’ লিগের দল সানরাইজার্স লিডসে অন্তর্ভুক্ত করায় উত্তাল সোশ্যাল মিডিয়া। কাব্য মারানের মালিকানাধীন এই ফ্র্যাঞ্চাইজিটি ২.৩৪ কোটি টাকায় আবরারকে দলে নেওয়ার পর থেকেই ভারতীয় সমর্থকদের একাংশ ক্ষোভ উগরে দিচ্ছেন। আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর পাকিস্তানি ক্রিকেটারদের এড়িয়ে চলার অলিখিত প্রথা ভাঙায় অনেকেই এখন সানরাইজার্স হায়দরাবাদ বয়কটের ডাক দিয়েছেন।
সমালোচনার মুখে দলের প্রধান কোচ ড্যানিয়েল ভেট্টোরি এই সিদ্ধান্তের সপক্ষে যুক্তি দিয়েছেন। তিনি জানান, তাদের প্রাথমিক লক্ষ্য ছিল আদিল রাশিদ, কিন্তু তিনি অন্য দলে চলে যাওয়ায় বিকল্প হিসেবে আবরারকে বেছে নেওয়া হয়েছে। ভেট্টোরির মতে, বিদেশি স্পিনারের তালিকায় থাকা ৪-৫ জন ক্রিকেটারের মধ্যে আবরারকে পাওয়ায় তারা খুশি। নিলামের সময় লন্ডনে কাব্য মারান নিজেই উপস্থিত ছিলেন।
ইংল্যান্ডের টি-টোয়েন্টি অধিনায়ক হ্যারি ব্রুকের নেতৃত্বে খেলবে এই দল। তবে নিলামে অংশ নেওয়া ভারত-সংশ্লিষ্ট অন্য কোনও ফ্র্যাঞ্চাইজি পাকিস্তানি খেলোয়াড় না নিলেও সানরাইজার্সের এই পদক্ষেপ বিতর্ক বাড়িয়ে দিয়েছে। মূলত রাজনৈতিক ও কূটনৈতিক টানাপড়েনের প্রেক্ষাপটে পাকিস্তানি ক্রিকেটারের অন্তর্ভুক্তিকে সহজভাবে মেনে নিতে পারছেন না নেটিজেনদের বড় একটি অংশ।